জাল সনদ বিক্রির দায়ে দুই বিশ্ববিদ্যালয় কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সনদ বিক্রির দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির দুই সহকারী রেজিস্ট্রারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার রাতে রাজধানীর মালিবাগে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অভিযান চালিয়ে তাঁদের এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সহকারী রেজিস্ট্রার মাকসুদা আক্তার (২৮) ও ভারপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার শালিকা সোহাগান (২৬)।
র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত আজ রাতে ওই বিশ্ববিদ্যালয়ে অভিযান চালান। এতে র‍্যাবের একটি দল অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে বিপুল পরিমাণ বিবিএ, এমবিএ, এলএলবি, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির জাল সনদসহ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাকসুদা ও শালিকাকে গ্রেপ্তার করেন। পরে মাকসুদাকে দুই মাস ও শালিকাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদিলের পূর্ব গোড়ানের বাসায় অভিযান চালিয়ে জাল সনদ তৈরির সরঞ্জামাদি, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সরদার মজিবর রহমান এবং শিক্ষক আদিল পালিয়ে যান। মাকসুদা ও শালিকাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ১৫ থেকে ২০ হাজার টাকার চুক্তিতে জুরাইনের একটি বাসায় জাল সনদ তৈরি করা হতো। পরে সেগুলো মালিবাগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে চুক্তিবদ্ধ লোকজনের কাছে বিক্রি করা হতো।