জাল সনদধারী দুই শিক্ষক স্বপদে
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জাল সনদ দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন রুনা রানী ও হোসনে আরা। ধরা পড়ার পর কাগজপত্রে চাকরি গেলেও বাস্তবে তাঁরা স্কুল ছাড়েননি। তাঁরা নিয়মিত ক্লাস নিচ্ছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের স্বপদে বহালের প্রক্রিয়া শুরু করেছে।বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে হিন্দুধর্ম বিষয়ের শিক্ষক হিসেবে রুনা রানীকে আবার নিয়োগ দিয়েছে। অপর শিক্ষক হোসনে আরাকে স্বপদে (সমাজবিজ্ঞান) নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ওই পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।জানা গেছে, ২০১১ সালে কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এমপিওভুক্তির সময় শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সন্দেহ হয় রুনা রানী, হোসনে আরা, তানজিমা আক্তার, রেহানা পারভীন ও ওয়াসিমা পারভিনের নিবন্ধন সনদ নিয়ে। তাঁরা এগুলো যাচাই শেষে ২০১১ সালের ২৮ ডিসেম্বর বিদ্যালয়কে জানিয়ে দেন, রুনা রানী বিশ্বাসের ২০০৭ সাল ও হোসনে আরার ২০০৯ সালের সনদ দুটি সঠিক নয়। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এটিআরসিএ) এক চিঠিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এই চিঠি পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্রে ওই দুজনকে চাকরি থেকে অব্যাহতি দেয়। কিন্তু বাস্তবে তাঁরা কেউ বিদ্যালয় ছাড়েননি। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও শিক্ষক জানান, তাঁরা নিয়মিত ক্লাস নিচ্ছেন। পাশাপাশি ওই দুই শিক্ষক ২০১১ সালের নভেম্বরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পান। বিদ্যালয় কর্তৃপক্ষ এই সনদ পাওয়ার পর নতুন নিয়োগ-প্রক্রিয়া শুরু করে। ২০১২ সালের মে মাসে রুনা রানীর নিয়োগ-প্রক্রিয়া শেষ করেছে। হোসনে আরার নিয়োগ-প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধান শিক্ষক শাহ সুলতান জানান, আবেদন করার যোগ্যতা যেহেতু তাঁদের আছে, সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষের কিছু করার থাকে না।