জাল সনদে চাকরি!
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাল সনদ দিয়ে চাকরি নিয়ে ফেঁসে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা। তাঁরা হলেন পার পাতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেলি আরা বেগম ও ধারিয়া গাংগইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা খাতুন। তাঁদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কানুপুর গ্রামের শাহীনূর আলমের স্ত্রী জেলি আরা বেগম এবং একই গ্রামের মজিবর রহমানের মেয়ে ফাহিমা খাতুন ও কিচক গ্রামের তাজমিলুর রহমানের স্ত্রী শাহনাজ পারভিন কোটাভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যের জাল সনদ প্রদর্শন করে গত ২০১০ সালের ২০ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে নিয়োগ পান। এর মধ্যে জেলি আরা বেগম ও ফাহিমা খাতুন ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেন। আর শাহনাজ পারভিন যোগদান থেকে বিরত থাকেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তদন্তে কোটাভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যের সনদ জাল হিসেবে শনাক্ত হলে ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার ওই দুই শিক্ষিকার নিয়োগ আদেশ বাতিল করে দেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার জানান, গত মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও অভিযুক্তদের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অচিরেই নেওয়া হবে।বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার জানান, অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।