জাল সনদে চাকরি, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে জাল নিবন্ধন সনদ দিয়ে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে শাহনাজ পারভীন নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।কলেজ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কলেজে সাতজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে শহরের আগপাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে শাহনাজ পারভীন একজন। নভেম্বর মাস থেকে তিনি বেতনের সরকারি অংশ পাচ্ছেন।নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, বিশেষ তদবিরে শাহনাজ পারভীন নিয়োগ পাওয়ার পর একটি পক্ষ তাঁর নিবন্ধন সনদ নিয়ে চ্যালেঞ্জ করে। তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন সনদটি যাচাইয়ের জন্য আবেদন করে। নিবন্ধন কর্তৃপক্ষ ২৭ জুন এক চিঠিতে ওই নিবন্ধন সনদটি জাল এবং এই জাল সনদ তৈরির অপরাধে কালীগঞ্জ থানাকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, নিবন্ধন কর্তৃপক্ষের ওই চিঠি পেয়ে শাহনাজ পারভীনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শাহনাজ পারভীন ইতিমধ্যে চিঠির জবাবও দিয়েছেন। জবাবে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, তবে নিবন্ধন সনদের বিষয়ে কিছু বলেননি। কলেজ পরিচালনা কমিটির সভা ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। দ্রুত সভা করে বিষয়টির সমাধান করা হবে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এখনো তিনি এ-জাতীয় কোনো চিঠি পাননি। পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবেন।শিক্ষক শাহনাজ পারভীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।