জাল সনদে চাকরি নেওয়া সেই শিক্ষক বরখাস্ত
জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষিকা শাহনাজ পারভিনকে বরখাস্ত করা হয়েছে। গত রোববার কলেজ পরিচালনা কমিটি এক সভায় ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করে।কলেজ সূত্রে জানা গেছে, এখানে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সাত জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ওই সময় শাহনাজ পারভিন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পান। পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যাচাই করে দেখতে পায়, তাঁর নিবন্ধন সনদটি জাল। এ ব্যাপারে নিবন্ধন কর্তৃপক্ষ ২৭ জুন কলেজে একটি চিঠি পাঠায়। পাশাপাশি জাল সনদ তৈরির অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে গত ৫ আগস্ট প্রথম আলোতে ‘জাল সনদে চাকরি, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ২৭ জুনের চিঠি পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ শাহনাজ পারভিনের কাছে কারণ দর্শানো নোটিশ পাঠায়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার কলেজ পরিচালনা কমিটি তাঁকে বরখাস্ত করে।কলেজের উপাধ্যক্ষ আবদুল মজিদ জানান, বরখাস্ত করার বিষয়টি চিঠি দিয়ে শাহনাজ পারভিনকে জানানো হবে। তাঁর বেতনের সরকারি অংশ ফেরত দেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।