ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। ২০০৯-১০ শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ২৪৬ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য তাঁদের অভিভাবকের মুক্তিযোদ্ধা সনদ জমা দেন। সনদগুলো যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়। যাচাই-বাছাইয়ে চারটি সনদ ভুয়া পাওয়া গেছে। এ ছাড়া আরও ২০টি সনদেও সমস্যা পাওয়া গেছে।মুক্তিযোদ্ধা কোটায় প্রতিবছর শতকরা আড়াই ভাগ শিক্ষার্থী ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্রে জানা গেছে, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম এ বাশার ২৪৬টি মুক্তিযোদ্ধার সনদ যাচাই করতে গত বছরের ২১ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম অলিউল্লাহ স্বাক্ষরিত পত্রে ২০ জানুয়ারি ওই চিঠির উত্তর দেন।চিঠিতে বলা হয়, পত্রের মাধ্যমে প্রাপ্ত ২৪৬টি মুক্তিযোদ্ধা সাময়িক সনদের মধ্যে মন্ত্রণালয়ের রেকর্ড যাচাই-বাছাই করে ২৪টি সনদ ব্যতীত বাকি ২২২টি সনদ সঠিক পাওয়া গেছে।পত্রে বলা হয়, চারটি সনদের কোনো সত্যতা পাওয়া যায়নি। আরও সাতটি সনদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত। তবে কেন্দ্রীয় সংসদ থেকে মন্ত্রণালয়ে পাঠানো বিতরণ রেজিস্টারে নামগুলো খুঁজে না পাওয়ায় যাচাই করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় সনদগুলো যাচাইয়ের জন্য মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলে যোগাযোগ করার পরামর্শ দেয়। আরও ১৩টি সনদের ব্যাপারে মন্ত্রণালয় বলেছে, এসব সনদের সঙ্গে প্রত্যয়নপত্র ও সংসদ কর্তৃক প্রত্যয়নপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয় কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য নয়।সূত্র জানায়, এ বছর মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য কলা অনুষদের অন্তর্ভুক্ত ‘খ’ ইউনিটে ১২০টি আবেদন পড়ে। এর মধ্যে ১৮টি সনদ সঠিক ছিল না। বাণিজ্য অনুষদের অন্তর্ভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন পড়ে ৬৫টি। এর মধ্যে আটটি সনদ সঠিক ছিল না। অধ্যাপক এম এ বাশার প্রথম আলোকে বলেন, যেসব শিক্ষার্থীর অভিভাবকের মুক্তিযোদ্ধার সনদ সঠিক পাওয়া যায়নি, তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না। ভুয়া বা ভুল সনদ দেওয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে।’