রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা জানাজানি হলে ওই শিক্ষক তড়িঘড়ি পদ থেকে অব্যাহতি দিয়ে গা ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকেরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওই শিক্ষকের নাম আবু জাফর মো. ইমরান। তাঁর বাড়ি রংপুর শহরের কামাল কাছনায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ৩ নভেম্বর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আবু জাফর নিয়োগ পান। গত ১১ মার্চ তিনি প্রভাষক পদে যোগদান করেন। নিয়োগের পরই তাঁর দাখিল করা কাগজপত্র ভুয়া বলে ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ওই শিক্ষকের বিরুদ্ধে বিবিএ ও এমবিএ পরীক্ষার সনদ জালিয়াতির অভিযোগ তুলে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে আসে। এ ঘটনার পরই গত বুধবার আবু জাফর ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকের পদ থেকে পদত্যাগ করে গা ঢাকা দেন।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষকদের জোট নীল দলের স্মারকলিপিতে বলা হয়েছে, প্রভাষক পদে আবেদনের সময় ওই শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএর ফলাফলে সিজিপিএ ৩ দশমিক ৬৩ এবং এমবিএর ফলাফলে ৩ দশমিক ৫৪ দেখিয়েছেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২০০১-২০০২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ২০০৫ সালে বিবিএ ফাইনাল পরীক্ষায় (২০০৭ সালে অনুষ্ঠিত) তিনি সিজিপিএ ২ দশমিক ৭৩ পেয়েছেন। এ ছাড়া ২০০৬ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষায় (২০০৮ সালে অনুষ্ঠিত) সিজিপিএ পান ২ দশমিক ৬০। তবে তাঁর এমবিএর পুরো ফলাফল পাওয়া যায়নি।
আবু জাফর মো. ইমরানের মুঠোফোন বন্ধ রয়েছে। পরিচিতজনেরাও তাঁর অবস্থান জানাতে পারেননি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত উপাচার্য ফেরদৌস রহমান প্রথম আলোকে বলেন, একটি বেনামে চিঠি আসার পরই ওই শিক্ষক পদত্যাগপত্র জমা দেন। ওই পদত্যাগপত্র রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী মুঠোফোনে বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। ঘটনাটি জেনেছি। গিয়ে এ ব্যাপারে খোঁজ-খবর করা হবে।’