জাল সনদে স্কুলপ্রধান!
রাজশাহীর বাগমারার নারায়ণপাড়া টেকনিক্যাল (ভোক) স্কুলের প্রধান জাল সনদ জমা দিয়ে সাত বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকাবাসী এ বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে তাঁরা ওই শিক্ষককে অপসারণ করার দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিমুল ইসলাম দেওয়ান ২০০৪ সালের ৯ ফেব্রুয়ারি এই স্কুলে সহকারী শিক্ষক (বিএসসি) পদে যোগ দেন। ওই সময় তিনি ২০০১ সালে বিএসসি পাস করছেন মর্মে একটি সনদও দাখিল করেন। ২০০৬ সালে তাঁর নাম এমপিওভুক্ত হয়। ওই সময় থেকে তিনি নিয়মিত সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। গত ৭ ফেব্রুয়ারি শাহিমুল ইসলামকে প্রতিষ্ঠানের প্রধানের (ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট) দায়িত্ব দেওয়া হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে, তিনি জাল সনদ জমা দিয়ে চাকরি করছেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শাহিমুল জাল সনদ দাখিল করে ছয় বছর ধরে চাকরি করছেন। তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সনদে ২০০১ সালে বিএসসি পাসের কথা উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, তিনি ওই বছর ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন। ভবানীগঞ্জ ডিগ্রি কলেজে সংরক্ষিত ওই বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে দেখা যায়, শাহিমুল ইসলাম দেওয়ান (রোল-৩১৭৪৪১, রেজি. ৯৩৯৮১১) নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন। ওই কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী শিক্ষক শাহিমুল ইসলাম বলেন, এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি ২০০১ সালে নয়, ২০০৪ সালে বিএসসি পাস করেছেন। তিনি ওই বছর ফলাফল ঘোষণার আগে চাকরিতে যোগ দেন। তবে ২০০১ সালের পাসের সনদ কিভাবে দাখিল করা হলো, জানতে চাইলে তিনি কিছু বলেননি।বাগমারার ইউএনও ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম আবু হোরায়রা জানান, বিষয়টি তদন্তাধীন। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।