জাল সনদে ২৩ বছর চাকরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সনদ দিয়ে ২৩ বছর ধরে চাকরি করছেন তিনি। ২১ বছর ধরে বেতন-ভাতা নিচ্ছেন সরকারি কোষাগার থেকে। কাজটি করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি উচ্চবিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষক আ. ছালাম মাতুব্বর (ইনডেক্স নম্বর ১৭৮৫৯৭)। সনদ জাল প্রমাণিত হওয়ার পর গত জুনে তিনি পদত্যাগও করেছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্থাপিত এ বিদ্যালয়ে ১৯৮৮ সালের ১ নভেম্বর ছালাম মাতুব্বর এক হাজার ৯৭৫ টাকার স্কেলে কনিষ্ঠ শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালের ৯ সেপ্টেম্বর তাঁর চাকরি এমপিওভুক্ত হয়।ওই বিদ্যালয়ে চাকরির আবেদনকালে ছালাম মাতুব্বর ১৯৭৯ সালে তৃতীয় শ্রেণীতে এইচএসসি পাস করেছেন মর্মে একটি সনদ জমা দেন।ছালাম মাতুব্বর ভুয়া সনদ দিয়ে শিক্ষকতা করছেন মর্মে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই ফরিদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে ওই সনদের সত্যতা যাচাইয়ের জন্য একটি চিঠি পাঠান। তাতে তিনি উল্লেখ করেন, জুনিয়র শিক্ষক আ. ছালামের চাকরিসংক্রান্ত বিষয়ে শিক্ষাগত যোগ্যতার গরমিল এবং ১৯৭৯ সালের এইচএসসি পাসের সনদের রোল ৪৭৫০৮ ভুয়া মর্মে অভিযোগ পাওয়া গেছে। তিনি ভুয়া সনদ দিয়ে চাকরি করে সরকারের প্রায় ২০ লাখ টাকা তুলেছেন।ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার ১৭ জুলাই বিষয়টি যাচাই করে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর চিঠি পাঠান। এতে উল্লেখ করা হয়, ‘আ. ছালাম মাতুব্বর, পিতা: মুকবুল হোসেন মাতুব্বর, রোল নম্বর ৪৭৫০৮, পাসের সন ১৯৭৯-এর সনদের ফটোকপিটি অত্র বোর্ডে সংরক্ষিত রেকর্ডের সঙ্গে যাচাই করে মিল পাওয়া যায়নি এবং ওই সনদ বোর্ড থেকে ইস্যু করা হয়নি।’স্কুল সূত্রে জানা গেছে, ওই একই বছরে (১৯৭৯) এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে পাস করেছেন ওই স্কুলের আরেক সহকারী শিক্ষক এবং ওই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আ ন ম কুদ্দুস। তাঁর রোল নম্বর ৪৭৫০৭। তিনি ১৯৭৪ সালে একই স্কেলে ওই বিদ্যালয়ে সহকারী জুনিয়র শিক্ষক হিসেবে চাকরি নেন (ইনডেক্স নম্বর ১৪১৭১০)। প্রথমে এসএসসি পাস দেখিয়ে চাকরি নিলেও ১৯৭৯ সালে এইচএসসি পাসের ভুয়া সনদ জমা দেন। এরপর ১৯৮৩ সালের ৮ জুলাই তিনি এমপিওভুক্ত হন।ফরিদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, শিক্ষক আ. ছালাম মাতুব্বরের দাখিল করা এইচএসসির সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছে।শৌলডুবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনসার আলী জানান, জাল সনদ প্রমাণের প্রক্রিয়া শুরু হওয়ার পরই গত জুনে শিক্ষক আ. ছালাম পদত্যাগ করেন। একই মাস থেকে তাঁর বেতন স্থগিত করা হয়েছে। তিনি এত দিন অনৈতিকভাবে যে বেতন নিয়েছেন, তা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তিনি বলেন, একই বছর পাস দেখানো এবং পাশাপাশি রোল নম্বরধারী বিদ্যালয়ের আরেক শিক্ষক আ ন ম কুদ্দুসের এইচএসসির সনদ নিয়ে প্রশ্ন ওঠায় গত আগস্টে তিনিও পদত্যাগ করেছেন।সালাম মাতুব্বর নিজেকে ওই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য উল্লেখ করে এবং নিজের দোষ স্বীকার করে বলেন, ‘একটা ভুল কইরা ফেলছি। এভাবে শিক্ষকতার চাকরি নেওয়া আমার ঠিক হয়নি। এখন যে শাস্তি দেওয়া হবে, আমি তা মাথা পেতে নেব।’আ ন ম কুদ্দুস বলেন, ‘আমি ১৯৭৪ সালে এসএসসির সনদ দিয়ে চাকরি নিয়েছি। আমি উচ্চমাধ্যমিক পাস করিনি। স্কুলে জমা দেওয়া সনদ সম্পর্কে আমি কিছু জানি না। তবে আমি শারীরিক কারণে গত আগস্টে চাকরি থেকে পদত্যাগ করেছি।’