জাল সনদের সত্যতা মিলেছে, সেই শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের সনদ জালের সত্যতা মিলেছে। একই সঙ্গে তাঁকে প্রভাষক পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এসব তথ্য জানানো হয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের ৪০তম সভায় ভুয়া সনদ দিয়ে শিক্ষক নিয়োগ হওয়ায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আবু জাফর মো. ইমরানকে চাকরিচ্যুত করা হয়েছে।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপাচার্য এ কে এম নূর-উন-নবী জানান, খুব শিগগির ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ৩ নভেম্বর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পাস করা সনদ জমা দিয়ে আবু জাফর মো. ইমরান ওই পদে নিয়োগ পান। ১১ মার্চ তিনি প্রভাষক পদে যোগদান করেন।
তাঁর নিয়োগ পাওয়ার পর ক্যাম্পাসে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে, সনদ জালিয়াতি করে তিনি শিক্ষকতায় যোগদান করেছেন৷ ওই শিক্ষকের বিবিএ ও এমবিএর সনদ জালিয়াতির অভিযোগ করে বেনামে একটি চিঠি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে পাঠানো হয়। এ ঘটনার পর ২৩ এপ্রিল ওই শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর থেকে তিনি লাপাত্তা।
এ নিয়ে ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘জাল সনদে শিক্ষকতা, জানাজানির পর চম্পট’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ওই শিক্ষকের সনদের প্রকৃত তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। চিঠির পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে আবু জাফর মো. ইমরানের ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হয়৷
এতে উল্লেখ করা হয়, আবু জাফর ২০০১-০২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ২০০৫ সালে বিবিএ ফাইনাল পরীক্ষায় (২০০৭ সালে অনুষ্ঠিত) সিজিপিএ পান ২.৭৩। পরে ২০০৬ সালের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষায় (২০০৮ সালে অনুষ্ঠিত) সিজিপিএ পান ২.৬০। তাঁর এমবিএ ফাইনাল পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
অথচ প্রভাষক পদে নিয়োগের আবেদনের সময় আবু জাফর মো. ইমরানের দাখিল করা সনদে তাঁর বিবিএর ফলাফলে সিজিপিএ ৩.৬৩ এবং এমবিএর ফলাফলে সিজিপিএ ৩.৫৪ রয়েছে৷