জাল সন্দেহে আটটি পে-অর্ডার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজের দরপত্রে অংশ নেওয়া একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার আটটি পে-অর্ডার জাল সন্দেহে জব্দ করেছে প্রকৌশল বিভাগ। চূড়ান্ত বাছাইয়ের জন্য এসব পে-অর্ডার সংশ্লিষ্ট তিন ব্যাংকে পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিকেলে করপোরেশনের প্রকৌশল দপ্তরের ডিভিশন-২ শাখা প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি হচ্ছে নূর মোহাম্মদ অ্যান্ড ব্রাদার্স। করপোরেশন সূত্রে জানা গেছে, প্রকৌশল দপ্তরের ডিভিশন-২-এর অধীনে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। এসব প্রকল্পের অর্থায়ন করছে এডিবি।
গত ১৯ নভেম্বর ছিল দরপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়। ২০ নভেম্বর দরপত্র খোলা হয়। এরপর ২৪ নভেম্বর জমা পড়া দরপত্র ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কমিটি।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ‘নূর মোহাম্মদ অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি আটটি উন্নয়ন প্রকল্পের জন্য দরপত্র ফরম জমা দেয়। কিন্তু তাদের আটটি পে-অর্ডার অন্য পে-অর্ডারগুলো থেকে ভিন্ন হওয়ায় আমাদের সন্দেহ হয়। তাই প্রাথমিকভাবে এসব পে-অর্ডার সঠিক কি না, যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠিয়েছি।’