জাল স্ট্যাম্প বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে জাল স্ট্যাম্প বিক্রি ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড এবং আরেক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. মাহমুদুল করিম গতকাল বুধবার এই রায় দেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০২ সালের ২৬ ডিসেম্বর দুপুরে দিনাজপুর আদালত এলাকায় ভাই ভাই স্ট্যাম্প ভেন্ডার ও মাহবুব স্ট্যাম্প ভেন্ডার দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের জাল স্ট্যাম্প জব্দ করে পুলিশ। প্রতিটি স্ট্যাম্পের একই ক্রমিক নম্বর ছিল। স্ট্যাম্পগুলো জব্দ করে নিরীক্ষার জন্য সিআইডি সদর দপ্তরে পাঠানো হয়। পরীক্ষা শেষে স্ট্যাম্পগুলো নকল বা জাল হিসেবে সনদ পাঠানো হয়।
ওই ঘটনায় দিনাজপুর সিআইডি জোনের তৎকালীন পরিদর্শক নারায়ণ চন্দ্র হোড় স্ট্যাম্প ভেন্ডার মালিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন ভাই ভাই স্ট্যাম্প ভেন্ডারের মালিক শহরের ইদগাহ আবাসিক এলাকার ইব্রাহিম হোসেন (৫৫), মাহবুব স্ট্যাম্প ভেন্ডারের মালিক উপশহর ৩ নম্বর ব্লকের মাহবুবুর রহমান ওরফে বাবু (৪০) ও তাঁর দোকানের কর্মচারী বিরল উপজেলার সাখইর গ্রামের মো.আইয়ুব আলী (৩৫)।
আদালত সূত্রে জানা গেছে, আসামিরা সবাই জামিনে মুক্ত থাকলেও গতকাল বুধবার রায় ঘোষণার সময় তিনজনেই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।