জালনোটসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় এক হাজার টাকার ৬৫টি জালনোটসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বাস টার্মিনাল থেকে বাঘাইছড়ি উপজেলার মাচালং উজানছড়ি গ্রামের চৌধুরী ত্রিপুরার ছেলে ধরেন্দ্র ত্রিপুরা (৩৩) ও একই এলাকার সোনা রতন ত্রিপুরার ছেলে মহেন্দ্র ত্রিপুরাকে (৪২) ৬৫ হাজার টাকার জালনোটসহ আটক করে।
পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদে জালনোটের চালান আসার খবর পেয়ে পুলিশ আগে থেকে বাস টার্মিনাল এলাকায় ওত পেতে থাকে। পরে মাচালং এলাকার ধরেন্দ্র ত্রিপুরা (৩৩) ও মহেন্দ্র ত্রিপুরাকে (৪২) সন্দেহ হওয়ায় তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাঁদের ব্যাগের মধ্যে কাগজে মোড়ানো এক হাজার টাকার ৬৫টি জালনোট উদ্ধার করা হয়।
জালনোটসহ আটক মাচালং এলাকার ধরেন্দ্র ত্রিপুরা বলেন, ‘নিজ খেতে উৎপাদিত চার মণ তিল (ঘইস্যা) পানছড়ির মরণ সাহার কাছে বিক্রি করি। গত বুধবার টাকার জন্য সেখানে গেলে আমার তিলের মূল্যে ২১ হাজার টাকা ও পরবর্তী সময়ে আরও তিলের জন্য ৪৪ হাজার টাকা বাড়তি দেন মরণ সাহা। টাকাগুলো নিয়ে গতকাল দীঘিনালা বাস টার্মিনালে এলে পুলিশ আমাদের আটক করে। এগুলো যে জালটাকা আমি জানতাম না। মরণ সাহা ঠকিয়ে আমাদের বিপদে ফেলেছেন।’
মহেন্দ্র ত্রিপুরা বলেন, ‘আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই। আমার ছেলে পানছিতে পড়াশোনা করে। তাকে দেখতে ধরেন্দ্রর সঙ্গে গিয়েছিলাম।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন ৬৫ হাজার টাকার জালনোটসহ দুজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। মরণ সাহার যে নামটি এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।