জাল ভোট কমেছে, সহিংসতা বেড়েছে : সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে জাল ভোট কমেছে, তবে সহিংসতা বেড়েছে। নির্বাচনের দিন সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছে।

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে কাজী রকিবউদ্দীন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, ৭১৭টি ইউপি নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৬ হাজার ৮৮৪টি। এর মধ্যে অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
সিইসি বলেন, ভোটের আগের রাতে জাল ভোট দেওয়ার একটি ঘটনা ঘটেছে। অনিয়মে জড়িত থাকার কারণে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোটের সময় বিভিন্ন স্থানে মোট সাতজন মারা গেছে। এ ছাড়া আহত হয়েছে শতাধিক।