জালাল আলমগীরের দাফন ও কুলখানি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে ড. জালাল আলমগীরের মরদেহ গত মঙ্গলবার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গত সোমবার মরদেহ ঢাকায় আনার পর মঙ্গলবার দুপুরে জানাজা শেষে দাফন করা হয়।গতকাল বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, অধ্যাপক মুনতাসীর মামুনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জালালের জানাজায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, বিএনপির নেতা মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য, জালাল আলমগীর থাইল্যান্ডে বেড়াতে গিয়ে ৩ ডিসেম্বর পাতায়া সমুদ্রসৈকতে ডুবে মারা যান। ৪০ বছর বয়সী ড. জালাল যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। এক বছরের ছুটিতে ঢাকায় আসার পর ২ ডিসেম্বর তিনি সস্ত্রীক থাইল্যান্ডে গিয়েছিলেন। মহীউদ্দীন খান আলমগীর ব্যাংকক গিয়ে সোমবার মরদেহ ঢাকায় নিয়ে আসেন।