আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদে গতকাল শনিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে হত্যার ষড়যন্ত্রকারী ও খুনিদের ফাঁসির দাবি জানানো হয়।‘দুর্গাপুর সচেতন নাগরিক সমাজ’ এ মানববন্ধনের আয়োজন করে। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুর্গাপুর প্রেসক্লাব মোড় থকে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কজুড়ে এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজমুল সায়েদাৎ, আওয়ামী লীগের নেতা নূরুল ইসলাম নিহত জালাল তালুকদারের একমাত্র সন্তান শাহ্ কুতুব উদ্দিন তালুকদার প্রমুখ। শাহ্ কুতুব উদ্দিন তালুকদার অভিযোগ করেন, তাঁর খালা আয়শা বেগম ও খালাতো ভাই মাসুদ ইকবাল সম্পদের লোভে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের কাজে লাগিয়ে থাকতে পারে। তিনি দাবি করেন, প্রথম দফা রিমান্ডে তাঁরা এসব স্বীকার করলেও পুলিশ রহস্যজনক কারণে তাঁদের জবানবন্দি নথিভুক্ত করেনি।গত ২৫ সেপ্টেম্বর নিজ শয়নকক্ষ থেকে সাবেক সাংসদ জালাল তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।