জালালউদ্দিনকে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্দেশ
চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালউদ্দিন আহমেদকে নির্বাচনে অংশ নিতে ও প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন।একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলসংক্রান্ত ইসির ২৭ ডিসেম্বরের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। নির্বাচন কমিশনসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও মো. জাফরুল্যা চৌধুরী মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে মো. জাফরুল্যা চৌধুরী প্রথম আলোকে বলেন, এর ফলে ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় উপনির্বাচনে জালালউদ্দিন আহমেদের অংশ নিতে আইনগত বাধা নেই।জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর চট্টগ্রামের নির্বাচন কমিশনে জালালউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। তবে ১ শতাংশ ভোটার থাকার শর্তের সমর্থনে কাগজপত্র যথাযথ না হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। আওয়ামী লীগের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর ইন্তেকালে আসনটি শূন্য হয়। ১৭ জানুয়ারি এ আসনে নির্বাচন হবে।