জালালপুর-রসুলগঞ্জ সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ
সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর-রসুলগঞ্জ সড়কের বেহাল অবস্থার কারণে এলাকার ছয়টি ইউনিয়নের মানুষ ১০ বছর ধরে চরম দুর্ভোগে পড়েছে। জেলা সদর ও সিলেটে যাতায়াতের জন্য এলাকাবাসীর একমাত্র ভরসা এই সড়ক। সড়ক সংস্কারের জন্য বারবার কর্তৃপক্ষ ও স্থানীয় সাংসদের কাছে দাবি জানিয়েও তারা কোনো ফল পাচ্ছে না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের জালালপুর থেকে শুরু হয়ে জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ পর্যন্ত গিয়ে সড়কটি শেষ হয়েছে। এ সড়কের দূরত্ব ২৬ কিলোমিটার। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন। ১৯৯৮ সালে সড়কটি সংস্কারের পর আর কোনো কাজ হয়নি। এই সড়কের পাশে তিনটি বড় বাজার রয়েছে। এলাকার দোলারবাজার, সৈয়দেরগাঁও, সিংচাপইড়, দক্ষিণ খুরমা, ভাতগাঁও ও ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কমপক্ষে ৫০টি গ্রামের লোকজন জেলা সদর ও সিলেটে প্রতিদিন যাতায়াত করেন।সরেজমিনে দেখা গেছে, জালালপুর থেকে শুরু হয়ে এক কিলোমিটারের মতো সড়ক কিছুটা ভালো থাকলেও বাকি সড়কের প্রায় সবটুকুই খানাখন্দে ভরা। সড়কের ওপর থেকে পিচ ও খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কোথাও কোথাও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে ৩০ মিনিটের পথ যেতে এখন সময় লাগে দেড় ঘণ্টা। ১৯৯৮ সালে সড়কের কাজ হওয়ার পর কিছুদিন বাস চলাচল করে। এরপর সড়ক ভেঙে যাওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে য়ায়। এখন ভাঙাচোরা সড়কে মাইক্রোবাস, লেগুনা, টেম্পো চলাচল করতে সমস্যা হচ্ছে।সম্প্রতি এই সড়কের দোলারবাজারে এলাকাবাসী সড়ক সংস্কারের দাবিতে সমাবেশ করেছেন। দোলারবাজার ইউনিয়নের জটি পালপুর গ্রামের বাসিন্দা এ টি এম কয়েস বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় সাংসদের কাছে সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছি। তিনি শুরু থেকেই হবে-হচ্ছে বলে যাচ্ছেন। কিন্তু কাজ আর হয়নি।’ দক্ষিণ খুরমা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের যুবক রুবেল রেদওয়ান বলেন, ‘বর্তমানে সড়কের যে অবস্থা, এই সড়ক দিয়ে গর্ভবতী কোনো নারীকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এমনও হয়েছে অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে রওনা দেওয়ার পর অতিরিক্ত ঝাঁকুনির কারণে সড়কেই তিনি সন্তান প্রসব করেছেন।’ এলাকার প্রবীণ শিক্ষক রণজিৎ কুমার দে বলেন, ‘সড়ক দিয়ে এলাকার লক্ষাধিক মানুষ জেলা সদর ও সিলেটে যাতায়াত করেন। এলাকাটি প্রবাসী-অধ্যুষিত। ১০ বছর ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় আছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। এ নিয়ে এলাকাবাসী চরমভাবে ক্ষুব্ধ।’ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুন্দর আলী বলেন, ‘ছয়টি ইউনিয়নের লোকজনের জন্য চলাচলের মূল সড়ক এটি। আমরা সড়ক সংস্কারের জন্য সব জায়গাতেই বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছাতক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাশ তালুকদার জানান, দীর্ঘদিন সংস্কারকাজ না হওয়ায় সড়কের এই অবস্থা হয়েছে। তিনি বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য চার কোটি ২২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। আগামী মাসে দরপত্র আহ্বান করা হতে পারে। সব প্রক্রিয়া শেষ হলেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।’