মালবাহী ট্রাক সেতুতে উঠতে গিয়ে সংযোগ সড়কের একাংশ দেবে আটকে যায়। চালক গতি বাড়িয়ে পাড়ি দিতে গিয়ে রেলিং ভেঙে বিপজ্জনকভাবে ঝুলে পড়ে ট্রাকটি। গতকাল রোববার সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর সেতুতে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ট্রাকটি ঝুলে থাকে। এ সময় সিলেট ও সুনামগঞ্জগামী যানবাহন সরাসরি চলাচল বন্ধ থাকে। যাত্রীরা সেতুর নিচ দিয়ে হেঁটে এপার-ওপার যানবাহন বদল করে চলাচল করেন।সরেজমিনে দেখা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের ৬৮ কিলোমিটার সড়কে ১৪টি ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে জালালপুর এলাকার সেতুটির অবস্থা খুবই নাজুক। সেতুর উভয় পাশের রেলিংগুলোর অধিকাংশ ভাঙা। সেতুর মুখে উভয় দিকে সংযোগ সড়কে খানাখন্দ হওয়ায় যানাবাহন চলাচল করতে হয় সতর্কতার সঙ্গে, গতি কমিয়ে।আশপাশ এলাকার বাসিন্দারা জানায়, সেতুতে ওঠার পর প্রতিদিনই কোনো না কোনো যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থার মুখে পড়ে। গতকাল ভোর ছয়টায় সুনামগঞ্জগামী ওই ট্রাক (নম্বর ঢাকা মেট্রো-ট-১৪১৫৮৪) সেতুতে উঠতে গিয়ে সংযোগ সড়কের একাংশ দেবে যায়। এ সময় দ্রুত পাড়ি দিতে গিয়ে সেতুর রেলিংয়ে বিপজ্জনকভাবে আটকে পড়ে। এতে যানবাহন চলাচল আট ঘণ্টা বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগের মুখে পড়ে।এলাকাবাসীর অভিযোগ, ভোর ছয়টা থেকে সেতুর ওপর ট্রাকটি ঝুলে থাকলেও চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে পৌঁছে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে খবর দেন। প্রায় তিন ঘণ্টা পর ক্রেন নিয়ে সেখানে পৌঁছান সওজের একদল কর্মী। ঝুলন্ত ট্রাকটি অপসারণের সঙ্গে সঙ্গে পুরো সেতু কেঁপে ওঠায় শেষে শেকল দিয়ে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ট্রাকটি সেতু থেকে অপসারণ করা হয়। বেলা দুইটায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।সুনামগঞ্জের হাসাউরা গ্রামের আবদুস শুকুর তাঁর সত্তরোর্ধ্ব বাবাকে নিয়ে সিলেট রওনা হয়েছিলেন চিকিত্সার জন্য। কিন্তু সেতুর ওপারে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ফিরে গেছেন।সড়ক ও জনপথ বিভাগ—সওজ সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের ৬৮ কিলোমিটার অংশে ২০টি সেতু রয়েছে। এর মধ্যে সিলেট অংশের ২২ কিলোমিটারে কোনো ঝুঁকিপূর্ণ সেতু নেই। কেবল সুনামগঞ্জ অংশে মল্লিকপুর, চেকনিখাড়া, জানিগাঁও, আহসানমারা, মনবেগ, জাউয়া, কৈতক, চেচান, রাউলি, সিংচাপইর, পীরপুর, বোকারভাঙা, তাকিপুর ও গোবিন্দগঞ্জ এলাকায় ১৪টি সেতু ঝুঁকিপূর্ণ এবং একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ।সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে জালালপুরের সেতুটি রয়েছে। সেতুগুলো সংস্কার এবং নতুন করে মেরামতে ইতিমধ্যে ১৫টি প্রকল্পে একটি সড়ক উন্নয়নগুচ্ছ অনুমোদন পেয়েছে।