জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, ৬ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশনের কাছে গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত পৌনে ১০টায় তা স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রী ও রেলওয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিকেল তিনটা পাঁচ মিনিটে ১৩ আপ জালালাবাদ এক্সপ্রেস ট্রেন কুলাউড়া জংশন রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়। যাত্রীরা জানান, ট্রেনটি বিকেল সোয়া তিনটার দিকে বরমচাল রেলস্টেশনে আউটার সিগন্যালের কাছে পৌঁছালে পেছনের দুটি মালবাহী বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় আতঙ্কিত যাত্রীরা চিত্কার শুরু করেন। একপর্যায়ে ট্রেনটি থেমে গেলে তাঁদের উদ্বেগ কাটে। পরে লাইনচ্যুত দুটি বগি ফেলে রেখে ট্রেনটি বিকেল চারটার দিকে গন্তব্যে রওনা দেয়। খবর পেয়ে বিকেল পাঁচটায় কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের ট্রাফিক পরিদর্শক (টিআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টায় প্রথম আলোকে জানান, দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস বরমচাল, আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে আটকা পড়ে। তিনি জানান, রাত পৌনে ১০টায় উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।আতাউর রহমান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাঁকে প্রধান করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।