জালালাবাদ পাহাড়ে স্মৃতিস্তম্ভ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত জালালাবাদ পাহাড় অধিগ্রহণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ চার দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম যুব ইউনিয়ন। ঐতিহাসিক চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৮৬তম বার্ষিকীতে গতকাল সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
অন্য দাবিগুলো হচ্ছে জালালাবাদ পাহাড় সাধারণের জন্য উন্মুক্ত করা, চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা ও মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্তসহ যুব বিদ্রোহে মহানায়কদের স্মরণে নগরীর প্রধান প্রধান সড়কের নামকরণ করা।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদানের পর তাঁর কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সহসভাপতি সুব্রত ধর, টুটন দাশ, আমানুল ইসলাম, আরেফাতুল জান্নাত, শিবা দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল অসমসাহসী যুবক চট্টগ্রামকে চার দিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত করেছিলেন। ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।
বক্তারা বলেন, চট্টগ্রাম যুব বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশমুক্ত রাখার শেষ দিনে ২২ এপ্রিল পাহাড়তলি জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে সম্মুখ সমরে শহীদ হয়েছিলেন অসংখ্য দেশপ্রেমিক বিপ্লবী যুবক। কিন্তু ব্রিটিশবিরোধী লড়াইয়ের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জালালাবাদ পাহাড়ে এখন পর্যন্ত শহীদদের স্মরণে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি।