চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও পশ্চিম পটিয়া) আসনের উপনির্বাচন আবার উত্তাপহীন হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা জালালউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।জালালউদ্দিনের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্ট থেকে প্রার্থিতা বৈধ বলে আদেশ দেওয়া হয়। ওই আদেশের পর নির্বাচনকে ঘিরে নতুন করে প্রাণের সঞ্চার হয়। গত বুধবার নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেওয়া প্রার্থিতা বহাল রাখার আদেশটি গতকাল বৃহস্পতিবার স্থগিত করেন।গতকাল সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ওই আসনে আওয়ামী লীগের প্রয়াত সাংসদ আখতারুজ্জামান বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক ছাড়া আর কোনো প্রার্থী নেই।এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্টের আদেশ স্থগিতের পর গতকাল বৃহস্পতিবার দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালালউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন তাঁর ওপর বৈরী মনোভাব প্রদর্শন করেছে।চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জালালউদ্দিন বলেন, ‘আদালতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। একজন প্রার্থীকে জেতানোর জন্য নির্বাচন কমিশন এবং সরকারি বিভিন্ন সংস্থা আমার প্রতি বৈরী আচরণ করেছে।’ তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে বোঝা গেল, বিএনপির সভানেত্রী খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা সঠিক। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে। এই সরকারের অধীনে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করতে পারছেন না। তাহলে এই সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনে বিএনপি কীভাবে অংশ নেবে? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নিরাপদ নয়।’ আমাদের আনোয়ারা প্রতিনিধি জানান, আনারস প্রতীক পেয়ে গত বুধবার বিকেলে আনোয়ারার রায়পুরে মা-বাবার কবর জিয়ারত শেষে জালালউদ্দিন উপজেলার গহিরা, রায়পুর, বারশত ইউনিয়নের কালীবাড়ী, বটতলী রুস্তমহাটসহ কয়েকটি এলাকায় প্রচারণা শুরু করেছিলেন।গতকাল দুপুরে চাতরী চৌমুহনী বাজার এলাকায় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মাবুদ চৌধুরী বলেন, ‘জালাল সাহেবের প্রার্থিতা বৈধ হওয়ার খবরে উপনির্বাচনে উত্তাপ ছড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্ট আবার তা নাকচ করে দিয়েছেন। এতে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই বলে মনে হচ্ছে।’