জালিয়াতি করে ভর্তির সুযোগ পায়নি শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকায় জালিয়াতির মাধ্যমে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার সুযোগ পায়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সাংসদ ফরিদুল হক খানের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে কিছু বিচ্ছিন্ন প্রচেষ্টা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকায় দুষ্কৃতকারী ও সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য জালিয়াতি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।

বিকেল ৪টা ২ মিনিটে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারিমন চৌধুরী। শুরুতে সংসদীয় রেওয়াজ অনুযায়ী সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইসহাক হোসেন তালুকদার নির্লোভ মানুষ ছিলেন। অনেকের চাহিদা ছিল। তাঁর কোনো চাহিদা ছিল না। শুধু এলাকার মানুষের কথা বলতেন। সবাই এমন ত্যাগী নেতা হলে দেশের উন্নয়নে কোনো বাধা থাকত না।’
এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাবিব মিয়া, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, রেজাউল করিম হীরা, হুইপ মোহাম্মদ সাহাবুদ্দিন, হাবিবে মিল্লাত, মুহিবুর রহমান, কাজী ফিরোজ রশীদ, সেলিনা বেগম, নুরুল ইসলাম (সুজন), চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতভাবে শোকপ্রস্তাব গৃহীত হয়।

সরকারি দলের সাংসদ ইসহাক হোসেন গত ৬ অক্টোবর মারা যান।

শোক প্রস্তাবে সাবেক সাংসদ জাহানারা রব, গোলাম মোস্তফা, মোজাম্মেল হোসেন, ভাষাসৈনিক আবদুল মতিন, ভাষাসৈনিক আবদুস সামাদ, জাতীয় অধ্যাপক আবুল ফয়েজ সালাহ উদ্দীন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম, পণ্ডিত রামকানাই দাশ, মুক্তিযোদ্ধা বজলুর রহমান ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নামও রয়েছে।

পরে সংসদ আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।