জালিয়াতিতে অভিযুক্ত শাহজালালের শিক্ষার্থী বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আল আমিনকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। দাপ্তরিক আদেশে বলা হয়েছে, স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত এবং যথাযথ কর্তৃপক্ষের পুনরায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আল আমিন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশাত ইমতিয়াজ ওরফে হৃদয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আল আমিনকে গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আল আমিন কারাগারে রয়েছেন।