ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে উত্তর জালিয়াতির অভিযোগে ১৪ জন পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও একইভাবে জালিয়াতির অভিযোগে কয়েকজন পরীক্ষার্থী আটক হয়েছিলেন।
গতকাল রাজধানীর ৭৭টি পরীক্ষা কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ৬১৮টি আসনের বিপরীতে ৭০ হাজার ৯৩৪ জন অংশ নেন।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর ওই ১৪ জনকে শেখ বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিটি কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগ ভবন কেন্দ্র, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র, টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্র এবং মোহাম্মদপুর গার্লস স্কুল কেন্দ্র থেকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনের ক্যালকুলেটরে মুঠোফোন এবং বাকি ১৩ জনের কাছে উত্তরসহ মুঠোফোন পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নেওয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওই পরীক্ষার্থীরা মুঠোফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং তা দিয়ে জালিয়াতির চেষ্টা করে। আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ মামলা করবে।