জালিয়াতির মামলায় সাবেক অধ্যক্ষসহ তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় নীলফামারীর জলঢাকা উপজেলার গড় ধর্মপাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. মহিউদ্দিন, বর্তমান প্রভাষক এ বি এম নুরুল ইসলাম ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি আব্বাস আলীকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর মো. মহিউদ্দিন অবসরে গেলে তাঁর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর জামাতা এ বি এম নুরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আব্বাস আলী পরিচালনা পর্ষদের সভাপতি সেজে আবেদনপত্রে স্বাক্ষর ও প্রত্যয়নপত্র প্রদান করেন।
ওই সময়ে মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খায়রুল আলম ও সভাপতির দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান। জালিয়াতির বিষয়টি জানার পর মোস্তাফিজুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে গত ২৭ মার্চ নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ্-জামান সরকার ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে অভিযুক্ত ব্যক্তিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পান। ২৮ আগস্ট জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তাঁরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক রমেশ কুমার দাগা তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।