শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলসের সব পরিচালক ও সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। গত ১৭ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন এ প্রতিবেদন দাখিল করেন। এতে আরএন স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ সাতজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। তবে অভিযোগপত্র দেওয়ার মতো তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।
মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপপরিচালক (আইন) মুহাম্মদ জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার আগে কমিশনকে জানানো হয়নি। তবে তা দেওয়া হয়েছে মর্মে একটি চিঠি পেয়েছি।’ চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
২০১২ সালের ১০ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মতিঝিল থানায় এ মামলা করেছিল। তাতে অভিযোগ করা হয়, এজাহারভুক্ত আসামিরা পরস্পরের যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ২২ মার্চ কমিশন বরাবর ২৭০ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯০ টাকার ইস্যুয়ার দাখিল করেন। এর সঙ্গে ব্যাংক এশিয়া ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একটি বিবরণ বা স্টেটমেন্ট দাখিল করা হয়। দাখিল করা কাগজপত্রে করণিক কারণে ভুল হয়েছে বলে ২৫ মার্চ মিলস কণর্তৃপক্ষ তা ফেরত চেয়ে সঠিক প্রতিবেদন দাখিল করতে সাত দিন সময় চায়। পরবর্তী সময়ে ৭ এপ্রিল আসামিরা দাখিল করা কাগজপত্র তাঁদের নয় বলে দাবি করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা নিজেদের অর্থ বিনিয়োগ না করেই অবৈধভাবে রাইট শেয়ার পাওয়ার জন্য জাল প্রতিবেদন দাখিল করেন। নিজেদের প্রতিষ্ঠানকে লাভবান করার ভুয়া স্টেটমেন্টও দাখিল করেন। কমিশনের গঠিত তদন্ত কমিটি কোম্পানি সচিবের ব্যবহার করা কম্পিউটারের উপাত্ত অনুসন্ধান করে দেখতে পায় যে ২০১২ সালের ২৫ মার্চে পাঠানো পত্রের সঙ্গে মিল রয়েছে। এ কারণে কমিশন কম্পিউটার চাইলে কোম্পানি সচিব তা দিতে অস্বীকার করেন। অথচ ফ্যাক্স নম্বরেও মিল পাওয়া যায়।
সিআইডির দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংক বিবরণী তাঁদের নয়। হস্তবিশারদ দিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল কাদেরের স্বাক্ষর পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা যায়, ২২ মার্চ কমিশনে দাখিল করা প্রতিবেদনের স্বাক্ষরের সঙ্গে আবদুল কাদেরের স্বাক্ষরের মিল নেই। তার পরও চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতির আবেদন করা হয়েছে।