গুলশানের কড়াইল মৌজায় বেহাত হওয়া পৌনে সাত একর জমি উদ্ধারের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। একই সঙ্গে জালিয়াত চক্রের বিরুদ্ধে প্রতারণার মামলা করার সিদ্ধান্ত হয়েছে। আইন, ভূমি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার ভূমি মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজাউল করিম গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ভুয়া দলিলের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্সের নামে নিবন্ধন হওয়া জমিটির নিবন্ধন বাতিলের জন্য আদালতে মামলা করা হবে। আর জালিয়াতির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) বলা হয়েছে। যুগ্ম সচিব আরও জানান, সরকারি জমি ফজলুল করিমের নামে ভুলভাবে রেকর্ড হওয়ার বিষয়টি সংশোধনের জন্য মামলা করা হবে। একই সঙ্গে প্রজাস্বত্ব আইনের অধীনে মামলা না করেই রেকর্ড সংশোধন করা যায় কি না, সে বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। গুলশানের কড়াইল মৌজার বেশির ভাগ জমিই সরকার ১৯৫৭ সালে তৎকালীন টিঅ্যান্ডটি বোর্ডের (বর্তমানে বিটিসিএল) অনুকূলে অধিগ্রহণ করে। কিন্তু পরবর্তী সময় আরএস এবং মহানগর জরিপে অধিগ্রহণ করা জমির ৫০১, ৫০২ ও ৫০৩ দাগের পৌনে সাত একর জমি ভুলভাবে জনৈক ফজলুল করিমের নামে রেকর্ড হয়। এই জমিই জনৈক সাহেরা খাতুন ওরফে নাজমা বেগম নামের এক নারী ফজলুল করিমের স্ত্রী সেজে ভুয়া দলিলের মাধ্যমে পপুলার লাইফ ইনসু্যুরেন্সের কাছে বিক্রি করে। জমির দাম ধরা হয় ২৯৪ কোটি টাকা। এই প্রক্রিয়ার সঙ্গে আরও জড়িত ছিলেন জনৈক টি এম সামছুত তাব্রিজ, দিদারুল আলম, বেলায়েত হোসেন ওরফে লিটন মাঝি এবং ভূমি জরিপ অধিদপ্তরের কর্মচারী আলী আকবর খান ও হোসাইন মোহাম্মদ মামুন। এ বিষয়ে ৩ আগস্ট প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।