জালিয়াত চক্রের হয়রানির শিকার আদিবাসীরা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের একটি জালিয়াত চক্র আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মারধর ও জাল দলিল করে তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার আদিবাসীদের সামাজিক সংগঠন দিঘরী, পারগানা ও বাইসী পরিষদ, লাহন্তি আখড়া ফোরাম এবং জাতীয় আদিবাসী পরিষদ শনিবার জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জালিয়াত চক্রের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে চক্রের একজন রাধানগর ইউনিয়নের টমপাড়ার সেরাজুল ইসলাম মারধরের শিকার হয়ে আহত হন। মারামারি চলাকালে ককটেল বোমাও বিস্ফোরিত হয়। ৩০ এপ্রিল রাতের এ ঘটনায় বিমল খালকো ও দিলিপ এককাসহ অজ্ঞাত ১০ জন আদিবাসীর বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের সামনেই সেরাজুলের লোকজন শচীনকে বেদম মারধর করে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। তাঁদের দাবি, ওই মামলা মিথ্যা।আরও অভিযোগ করা হয়, সেরাজুল ইসলাম দুই বছর আগে শচীনের এক বিঘা জমি জোরপূর্বক লিখিয়ে নেন এবং তাঁর বাড়ি থেকে এক জোড়া মহিষ নিয়ে যান। এ ছাড়া তেলিপুকুর গ্রামের সুনীল কেওয়ার দুই একর ১৪ শতক জমি জাল দলিলের মাধ্যমে দখল করে নেন। এসব জমি নিয়ে আদালতে মামলা চলার কারণে মিথ্যা মামলা দিয়ে আদিবাসীদের হয়রানি করছেন সেরাজুল ইসলাম। সেরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, একটি নারীঘটিত ঘটনায় আমাকে ফাঁসানোর চেষ্টা করেন আদিবাসী নেতা শিরিষ খালকো। এ নিয়ে আমার সঙ্গে তাঁদের বিরোধ বাধে। শিরিষ খালকোর ভাড়াটে বাহিনী আমার ওপর বোমা হামলা চালায়।