জালিয়াতি, ছয় দলিল লেখকের সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির খাজনা পরিশোধের জাল রসিদ দাখিলের মাধ্যমে দলিল লেখার দায়ে অভিযুক্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ছয়জন দলিল লেখকের সনদপত্র বাতিল করা হয়েছে।ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার আব্বাস আলী ২২ মে চিঠির মাধ্যমে এ বাতিলের আদেশ দেন। আদেশে ওই ছয়জনকে আদেশপ্রাপ্তির দিন থেকে জমির দলিল লেখা থেকে বিরত থাকতে এবং অপ্রয়োজনে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে আসতে বারণ করা হয়েছে।বাতিল হওয়া সনদপত্রধারীরা হলেন: পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নজরুল ইসলাম, মিজানুর রহমান, মাসুদ রানা, সত্যেন্দ্রনাথ রায়, মঞ্জুর আলম ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক শ্যামল কুমার বর্মণ।উপজেলার কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জমি নিবন্ধনের জন্য দাখিলযোগ্য ভূমি জরিপের পর্চা, এসএ রেকর্ডের কপি ও নামজারির কপির সঙ্গে হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ দাখিল করার পর দলিল নিবন্ধন করা হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে একটি জালিয়াত চক্রের সঙ্গে হাত মিলিয়ে পীরগঞ্জের কয়েকজন দলিল লেখক জমি ক্রেতা-বিক্রেতাদের মাত্র ৫০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে হালনাগাদ খাজনার রসিদ জোগাড় করে দিয়ে সুযোগ বুঝে জমির নিবন্ধন সম্পাদন করিয়ে নিতেন।গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল আকস্মিকভাবে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালান। ওই তারিখে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত ২৪টি দলিলের মধ্যে ছয়টি দলিলই জাল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সেগুলো জব্দ করা হয়। ওই দিন ওই ছয়টি দলিলের লেখক, দাতা ও গ্রহীতা মিলে ২০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় দুটি পৃথক মামলা করা হয়।জাল কাগজপত্র বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ ছাপা হলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে রেজিস্ট্রার আব্বাস আলী গত ১৪ মার্চ পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে এসে তদন্ত করেন। ইউএনও আবদুুর রউফ মণ্ডল জানান, বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জালিয়াতির ব্যাপারে সব দপ্তরকে সজাগ থাকতে বলা হয়েছে।