জালিয়াতি করে খালাসের সময় কাপড়ভর্তি কাভার্ড ভ্যান আটক
জাল কাগজপত্র দিয়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে খালাসের সময় তিনটি কাভার্ড ভ্যানবোঝাই কাপড়ের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার ভোর চারটার দিকে এ চালান আটক করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক এম ফখরুল আলম, সহকারী পরিচালক শফিউর রহমান এবং রাজস্ব কর্মকর্তা এ এস এম জাকির হোসেন গোপন সংবাদে খবর পেয়ে এ চালান আটক করেন। এই চালানের আমদানিকারক অ্যাম্পল ফ্যাশন লিমিটেড। এটি খালাসের দায়িত্ব ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এবি এন্টারপ্রাইজের।আটক করা পণ্যের মধ্যে রয়েছে ‘বিগ বস’ ব্র্যান্ডের স্যুটিং ফেব্রিকস আটক করা হলেও পণ্যভর্তি তিনটি কাভার্ড ভ্যানের (খুলনা মেট্রো ট-১১-০৬৭৪, মৌলভীবাজার ট-১১-০১১৭ এবং চট্ট মেট্রো ট-০২-০৪৮৫) চালককে পাওয়া যায়নি।রাজস্ব কর্মকর্তা এ এস এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় কাপড়ের চালানটি আমদানি করা হয়েছে। এই চালান আটকের সময় সিঅ্যান্ডএফ এজেন্টের লোকজন সটকে পড়ে। চালানটির খালাস স্থগিত করে কায়িক পরীক্ষাসহ ব্যবস্থা নিতে চট্টগ্রাম কাস্টম কমিশনার মারুফুল ইসলামকে লিখিত পত্র দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফখরুল ইসলাম।