জালিয়াতি করে চাকরি পাওয়া চার শিক্ষকের শাস্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগে অভিযুক্ত রংপুরের সরকারি কারমাইকেল কলেজের চার শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের চাকরিসংক্রান্ত ও ব্যক্তিগত তথ্য চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়।সহকারী অধ্যাপক পদের এই চার শিক্ষক হলেন: দর্শন বিভাগের মোছা. রাবিয়া সুলতানা, ইতিহাস বিভাগের রেজাউল করিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আবুল কালাম আজাদ ও বাংলা বিভাগের দিল তানজিলা মালেক। তাঁরা সবাই কারমাইকেল কলেজে চাকরি করছেন।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) দীপক কুমার নাগ বলেন, কিছুদিন আগে মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর এখন অভিযুক্তদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই সেসব তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সব তথ্য পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই বিধিমালা অনুযায়ী দোষীদের তিরস্কার, টাইম স্কেল নিম্নপদে নামিয়ে দেওয়া, বাধ্যতামূলক অবসরসহ বরখাস্ত পর্যন্ত করা যায়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্ত চার শিক্ষক ২০০৫ সালে বেসরকারি কলেজের শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে সরকারের ১০ শতাংশ কোটায় সরকারি কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পান। গত বছর তাঁদের বিরুদ্ধে অভিজ্ঞতার সনদ জালিয়াতির অভিযোগ উঠলে ঘটনা তদন্তে কারমাইকেল কলেজের তিন শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করে মাউশি। কিন্তু এই কমিটির প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠলে মাউশি গত ১০ জানুয়ারি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের প্রধান মো. আতাউর রহমান ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উপসচিব (কমন) মহসীন কবিরকে দিয়ে পুনঃ তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি গত ৩ মার্চ অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তাতে প্রমাণিত হয়, শিক্ষকতার যে অভিজ্ঞতা দেখিয়ে ওই শিক্ষকেরা চাকরি পেয়েছিলেন, সেই অভিজ্ঞতার পুরোটাই জাল। এ নিয়ে গত ৭ মার্চ প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।