জালিয়াতি করে জলমহাল ইজারা নেওয়ার চেষ্টা!
মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে জলমহাল ইজারা নেওয়ার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জে গতকাল বুধবার চার ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামের প্রভাতি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল করিম, একই গ্রামের মজিবুর রহমান, গিয়াস উদ্দিন ও আহমদপুর গ্রামের লিমন চৌধুরী।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৌরারং ইউনিয়নের লাইয়া-গজারিয়া জলমহালের ইজারাসংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। চিঠিতে জলমহালটি প্রভাতি মৎস্যজীবী সমিতির অনুকূলে বাংলা ১৪১৯ থেকে ১৪২৪ পর্যন্ত ইজারা দেওয়ার জন্য বলা হয়। এ জন্য প্রথম চার বছরের খাজনা হিসেবে প্রতিবছর দুই লাখ ৩০ হাজার ৭৫০ টাকা দেওয়ার কথা বলা হয়। পরবর্তী দুই বছর এর থেকে ২৫ শতাংশ বেশি খাজনা আদায়ের কথা উল্লেখ করা হয়। ফ্যাক্স আসার কিছুক্ষণের মধ্যেই মন্ত্রণালয় থেকে জানানো হয়, এটি ভুয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই চিঠি পাঠায়নি। গতকাল ওই সমিতির সভাপতিসহ অন্যরা জলমহালের খাজনা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এলে তাঁদের আটক করা হয়। তবে আবদুল করিমসহ অন্যরা দাবি করেন, এই জালিয়াতির সঙ্গে তাঁরা জড়িত নন।এ ব্যাপারে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুল আলম জানান, ফ্যাক্স আসার পরই মন্ত্রণালয় থেকে জানানো হয়, এটি ভুয়া। একই ধরনের চিঠি নিয়ে গতকাল চার ব্যক্তি জলমহালের খাজনা দিতে এলে তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়। কামরুল আলম বলেন, ‘এর সঙ্গে মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকতে পারে। তদন্ত হলে জানা যাবে।’