জালিয়াতি করে নেওয়া জামিন বাতিল করলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি করে ও মিথ্যা তথ্য দিয়ে জামিন নেওয়ার অভিযোগে এক আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ গতকাল বুধবার জামিন জালিয়াতির অভিযোগে আসামি আবদুর রউফ ওরফে আজাদ হোসেনকে দেওয়া জামিন বাতিল করেন। একই সঙ্গে আদালত জামিন জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ আগস্ট মো. আরাফাত হোসেন নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় আবদুর রউফসহ ১০ জনকে আসামি করে জয়পুরহাট থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির মা। এজাহারে বলা হয়, আসামি একটি সামুরাই (জাপানি তলোয়ার) দিয়ে আরাফাতকে কোপ দিলে তাঁর গলা কেটে যায়। পরে অন্য আসামিরা আরাফাতকে কুপিয়ে হত্যা করেন। গত বছরের ২৭ এপ্রিল পুলিশ এই মামলায় রউফকে গ্রেপ্তার করে। পরে ৩১ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি আবদুর রউফ হাইকোর্টে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনে মামলার এজাহার পরিবর্তন করে বলা হয়, আসামি রউফ ছুরি দিয়ে খুন করার জন্য আরাফাতের বাঁ ঊরুতে আঘাত করেন। জামিনের আবেদনের সঙ্গে মামলার অভিযোগপত্রের অনুলিপি দেওয়া হয়নি।
ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজাদকে ছয় মাসের জামিন দেন। সম্প্রতি মনিরুজ্জামান কবীর জালিয়াতির বিষয়টি জানতে পারলে তা আদালতের নজরে আনেন। এরপর ২৯ ফেব্রুয়ারির জামিন আদেশ প্রত্যাহার করেন আদালত। গত তিন দিন বিষয়টি আদালতের কার্যতালিকায় থাকলেও আসামির আইনজীবী প্রদীপ কুমার সরকার গতকাল আদালতে হাজির হন। আদালত আসামির জামিন বাতিল করে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
আইনজীবী প্রদীপ কুমার সরকার অবশ্য দাবি করেছেন, মামলার নকল যাঁরা সংগ্রহ করেছেন তাঁরা বিষয়টি জানেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি শুধু আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি।’
গত মঙ্গলবারও হাইকোর্টের আরেকটি বেঞ্চে ভুয়া নথি ও মিথ্যা তথ্য দিয়ে জামিন পাওয়ার চেষ্টা চালানো হয়। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জালিয়াতির অভিযোগে মামলার তদবিরকারক শুকুর আলীকে পুলিশে সোপর্দ করেন।
ওই মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১০ জুলাই রাজধানীর আদাবর থানায় হামিদুর রহমানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। আসামি হামিদুর রহমান নিম্ন§আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, আসামি হামিদুর হাইকোর্টে গিয়ে জামিনের আবেদন করেন। জামিন আবেদনের নথিতে মামলার এজাহারের সত্যায়িত অনুলিপি পরিবর্তন করে বলা হয়, আসামির কাছ থেকে মাত্র চার হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক হলে এ ব্যাপারে খোঁজখবর করে তিনি (মো. বশির উল্লাহ) হাইকোর্টকে জানান। হাইকোর্ট নিম্ন আদালত থেকে মূল মামলার নথি তলব করেন।
গতকাল হাইকোর্ট মামলার মূল নথি পরীক্ষা করে ভুয়া নথি ও মিথ্যা তথ্য দেওয়ার সত্যতা পান। আসামির আইনজীবী মো. সেলিম আদালতকে বলেন, বিষয়টি তিনি জানেন না। শুকুর আলী নামে একজন তদবিরকারক মামলাটি তাঁর কাছে নিয়ে আসেন। তখন শুকুর আলী আদালতকক্ষ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য আইনজীবীরা তাঁকে আটকান। এরপর হাইকোর্ট ওই তদবিরকারককে পুলিশে দেওয়ার আদেশ দেন।