জালিয়াতির মাধ্যমে এক শিক্ষক ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ডিঙিয়ে জেলা কার্যালয়ের মাধ্যমে ওই শিক্ষক তাঁর নিয়োগসংক্রান্ত ভুয়া কাগজপত্র পাঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে। পরে সেখান থেকে তা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হয়েছে।
ওই বিদ্যালয় এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, দুই বছর আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমেদ মারা গেলে পদটি শূন্য হয়। এরপর ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে বিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক শিক্ষক আবুবক্কর সিদ্দিক ফকির দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে মামলার কারণে ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। এর সুযোগ নিয়ে সম্প্রতি আবুবক্কর সিদ্দিক ওই পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে এ-সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এড়িয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠান। পরে জেলা শিক্ষা কর্মকর্তা ওই কাগজপত্রে সই করে তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠান। পরে সেখান থেকে সেটি অনুমোদন করা হয়। আবুবক্কর সিদ্দিকের প্রধান শিক্ষক পদে নিয়োগের বিষয়টি ওই বিদ্যালয়ের অন্য শিক্ষকেরাও জানেন না বলে জানিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়েও তাঁর নিয়োগের বিষয়ে কোনো তথ্য নেই।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূঁইয়া বলেন, ওই পদে কোনো নিয়োগ হয়নি। আবুবক্কর সিদ্দিকের নিয়োগের বিষয়টি জালিয়াতির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। ওই পদের বিপরীতে এমপিওর অনুমোদন কীভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল্লাহ এ প্রতিবেদকের কাছে আবুবক্কর সিদ্দিকের নথিতে সইয়ের বিষয়টি স্বীকার করে বলেন, আবেদনটি তাঁর কার্যালয়ে আসার পর সেটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সই না থাকার বিষয়টি তিনি চিহ্নিত করেছিলেন। পরে অনেক আবেদনের ভিড়ে কখন তিনি ত্রুটিপূর্ণ ওই নথিতে সই করেছেন, তা মনে করতে পারছেন না। তবে শফিউল্লাহ বলেন, তিনি ওই নথিতে সই করলেও আবেদনটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও শাখায় গিয়ে অনুমোদন হওয়ার কথা নয়।
জানতে চাইলে আবুবক্কর সিদ্দিক বলেন, ‘আমার প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ও এমপিওর আবেদন নিয়ে কোনো সমস্যা নেই। সবকিছু বিধিমতো হয়েছে। যত সমস্যা কেবল নান্দাইল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আর সাংবাদিকদের।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডিঙিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এমপিওভুক্তির কাগজপত্র পাঠানোর ব্যাপারে জানতে চাইলে আবুবক্কর সিদ্দিক বলেন, তিনি নিরপেক্ষতা খুইয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে এই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
গত বছর সহকারী শিক্ষক পদে কর্মরত অবস্থায় আবুবক্কর সিদ্দিক প্রধান শিক্ষক পদের বিপরীতে এমপিওর আবেদন পাঠান। এ কারণে ওই বছরের ২ সেপ্টেম্বর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।