জালিয়াতি করে ব্যাংক কর্মকর্তার দ্বিতীয় বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় উত্তরা ব্যাংকের একজন কর্মকর্তা জাতীয় পরিচয়পত্র জাল ও ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এক স্কুলছাত্রীকে দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সমপ্রতি এ ঘটনা জানাজানি হলে ওই ব্যাংক কর্মকর্তা বদলি হয়ে ঢাকায় চলে যান। গতকাল সোমবার দুপুরে প্রতারিত ওই স্কুলছাত্রী উত্তরা ব্যাংকের মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপকের কাছে তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।ব্যাংক ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার পূর্ব জুরাইনের বাসিন্দা ওই ব্যক্তি ২০০৯ সালের ২০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের মঠবাড়িয়া শাখায় অফিসার গ্রেড-২ (ক্যাশ) কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০১১ সালের ১৫ মে তিনি মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রামের মালয়েশিয়া-প্রবাসী এক ব্যক্তির মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) বিয়ে করেন। বিয়ের কাবিননামায় ওই কর্মকর্তা তাঁর নাম পলাশ মাহমুদ, বাবার নাম মো. হক, গ্রাম উত্তর রুহিতপুর, দোহার, ঢাকা উল্লেখ করেন। তিনি ওই নাম-ঠিকানা দিয়ে ভুয়া একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করে তা কাবিননামার সঙ্গে যুক্ত করেন। বিয়ের ১০ মাস পর জানা গেছে, তাঁর স্ত্রী ও এক ছেলেসন্তান রয়েছেন এবং তিনি প্রকৃত পরিচয় গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেছেন।প্রতারণার শিকার স্কুলছাত্রীর মা জানান, উত্তরা ব্যাংকের মঠবাড়িয়া শাখায় তাঁর একটি হিসাব নম্বর রয়েছে। মালয়েশিয়া থেকে তাঁর স্বামীর পাঠানো টাকা তুলতে প্রায়ই তিনি মেয়েকে সঙ্গে নিয়ে ওই ব্যাংকে যেতেন। এ সময় ওই কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। পরে প্রস্তাবের মাধ্যমে দুই লাখ পাঁচ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। তিনি জানান, তাঁরা সমপ্রতি ওই কর্মকর্তার প্রথম বিয়ের কথা জানতে পারেন। এর পর থেকে কর্মকর্তা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং গোপনে বদলি হয়ে গতকাল সোমবার ঢাকায় চলে যান। এ ঘটনা জানতে পেরে স্কুলছাত্রী উত্তরা ব্যাংকের মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপকের কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।স্কুলছাত্রী বলে, ‘আমি প্রতারণার শিকার। আমার জীবন এখন আঁধারে ভরে গেছে।’উত্তরা ব্যাংকের মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক দেবাশীষ বসু বলেন, ‘ওই কর্মকর্তা পরিচয় গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেছেন বিষয়টি স্পষ্ট। তিনি বদলি হয়ে ঢাকার লোকাল অফিসে যোগদানের উদ্দেশ্যে আজ (গতকাল সোমবার) মঠবাড়িয়া ত্যাগ করেছেন।’