জালিয়াতি করে মামলা কারাগারে তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে জমির দলিল বাতিল ও উচ্ছেদের মামলা করে ফেঁসে গেছেন আমমোক্তার, দাতা ও গ্রহীতা তিনজনই। মামলার বাদীসহ (দাতা) তিনজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ সাউদ হাসান এ নির্দেশ দেন। আদালত ওই তিনজনের বিরুদ্ধে মামলা করে তাঁদের বিকেলে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন। ওই তিনজন হলেন মামলার বাদী দাবিদার পলাশ চন্দ্র দাস ও জীবন কৃষ্ণ দাস এবং আমমোক্তার গ্রহীতা মো. মোস্তাক আহম্মেদ।

সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার অলিউর রহমান প্রথম আলোকে বলেন, দলিল বাতিল ও উচ্ছেদ চেয়ে রাজধানীর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা পলাশ চন্দ্র দাস ও জীবন কৃষ্ণ দাস আদালতে একটি মামলা করেন। গতকাল নিজেকে পলাশ চন্দ্র দাস দাবি করে এক ব্যক্তি আদালতে আসেন। মামলার আরেক বাদী জীবন কৃষ্ণ আদালতকে বলেন, ওই ব্যক্তি পলাশ চন্দ্র দাস নন। পলাশ তাঁর স্ত্রী অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি।

সেরেস্তাদার বলেন, নিজেকে পলাশ দাবি করা ব্যক্তি আদালতে উপস্থিত জীবন কৃষ্ণকে চাচাতো ভাই দাবি করেন। আদালতের জেরার মুখে ওই তিনজন অসংলগ্ন কথা বলতে থাকেন। আদালত ওই তিনজনের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।