তাঁরা চারজনই শিক্ষক; তাও আবার সরকারি কলেজের। বেসরকারি কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে তাঁরা সরকারি কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন চাকরি করছেন রংপুরের সরকারি কারমাইকেল কলেজে। কিন্তু শিক্ষকতার যে অভিজ্ঞতা দেখিয়ে তাঁরা চাকরি পেয়েছিলেন, সেই অভিজ্ঞতার পুরোটাই জাল। সরকারের গঠিত তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে জালিয়াতির এই প্রমাণ পেয়েছে।সহকারী অধ্যাপক পদের এই চার শিক্ষক হলেন বাংলা বিভাগের দিল তানজিলা মালেক, ইতিহাস বিভাগের মো. রেজাউল করিম, তাঁর স্ত্রী দর্শন বিভাগের রাবিয়া সুলতানা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আবুল কালাম আজাদ। এ বিষয়ে এই চার শিক্ষকের কেউই প্রথম আলোকে কোনো মন্তব্য করতে রাজি হননি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই চারজন ২০০৫ সালে সরকারের ১০ শতাংশ কোটায় সরকারি কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পান। কিন্তু গত বছর তাঁদের বিরুদ্ধে অভিজ্ঞতার সনদ জালিয়াতির অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।ঘটনা তদন্তে গত বছর কারমাইকেল কলেজের তিন শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হয়। কিন্তু কারমাইকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ অভিযুক্ত দুজনকে বাঁচানোর চেষ্টা করেন। বিষয়টি প্রশ্নবিদ্ধ হওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বছরের ১০ জানুয়ারি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের প্রধান মো. আতাউর রহমান ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উপসচিব (কমন) মহসীন কবিরকে দিয়ে পুনর্তদন্ত কমিটি গঠন করে। ৩ মার্চ কমিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।তদন্ত কমিটির সদস্য আতাউর রহমান প্রতিবেদনের বিষয় নিয়ে কিছু বলতে রাজি হননি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, অধিদপ্তর থেকে যে ব্যবস্থা নিতে বলা হবে সেটাই করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী রাবিয়া সুলতানা তাঁর অভিজ্ঞতার সনদে ১৯৯৭ সালের ১৬ আগস্ট থেকে ২০০৬ সালের ১৩ জুন পর্যন্ত নাটোরের বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে অভিজ্ঞতার সনদ দিয়েছেন। কিন্তু কমিটি অনুসন্ধান করে জানতে পেরেছে, রাবিয়া সুলতানা কখনোই ওই কলেজে কর্মরত ছিলেন না। রাবিয়া সুলতানার স্বামী রেজাউল ১৯৯৯ সালের ১৮ নভেম্বর থেকে ২০০৫ সালের ২৭ নভেম্বর পর্যন্ত বাঁশবাড়িয়া কলেজে কর্মরত ছিলেন বলে অভিজ্ঞতায় উল্লেখ করেছেন। তবে কমিটি তদন্ত করে জানতে পারে, তিনি কখনোই এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না। আরেক অভিযুক্ত আবুল কালাম আজাদ ১৯৯৮ সালের ২৫ জুন থেকে ২০০৬ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত রংপুরের গঙ্গাচড়া ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন বলে অভিজ্ঞতার সনদ দিয়েছেন। কিন্তু তিনিও এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না। শিক্ষক দিল তানজিলা মালেক ১৯৯৮ সালের ১ আগস্ট থেকে ২০০৪ সালের ১ অক্টোবর পর্যন্ত গঙ্গাচড়া ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন বলে অভিজ্ঞতার সনদ দিয়েছেন। কিন্তু তিনিও এই কলেজে চাকরি করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞ ও মেধাধী শিক্ষকদের উৎসাহিত করার জন্য শিক্ষা ক্যাডারে ১০ শতাংশ কোটায় সরকারি কলেজে সরাসরি নিয়োগ করা হয়। অথচ এই সুযোগকে কাজে লাগিয়ে দুর্নীতিগ্রস্ত একটি শ্রেণী অবৈধ সুবিধা নিতে তৎপর। সুতরাং এ যাবৎকালে ১০ শতাংশ কোটায় সরকারি কলেজে নিয়োগ পাওয়া সব কর্মকর্তার নিয়োগের সময় দাখিল করা অভিজ্ঞতার সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাচাই করা অত্যন্ত জরুরি।