জালিয়াতি করে ১৭ ভূমিহীন পরিবারের জমি দখল!
বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের ১৭টি ভূমিহীন পরিবারকে বরাদ্দ দেওয়া তিন একর ৪৪ শতাংশ খাসজমি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে নিয়েছেন। এক জেলার জমি আরেক জেলার দেখিয়ে এবং কাগজপত্র জালিয়াতি করে তাঁরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁরা পাঁচটি পরিবারের এক একর জমি নিজেদের দখলে নেওয়ার জন্য মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮, ৯৯ ও ২০০০ সালে তিন দফায় বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পিঙ্গলাকাঠি মৌজার এসএ ১৫৮০, ১৫৯২, ১৫৯৩, ১৫৯৪ খতিয়ানের ১৪২৯, ১৪৩০ ও ১৪৩১ দাগের পালরদী চরের চার একর ৪৪ শতাংশ খাসজমি ২২টি ভূমিহীন পরিবারকে বরাদ্দ দেওয়া হয়।উপজেলার কালনা গ্রামের ভূমিহীন মো. তোতা খলিফা অভিযোগ করেন, ২০০৬ সালে গৌরনদী উপজেলার উত্তর পিঙ্গলাকাঠি গ্রামের প্রভাবশালী মো. ইসাহাক বেপারী ও মো. মোশারফ বেপারী বরিশালের সম্পত্তিকে মাদারীপুর জেলার সম্পত্তি দেখিয়ে জাল কাগজপত্র তৈরি করে ১৭ জন ভূমিহীন পরিবারের তিন একর ৪৪ শতাংশ জমি দখল করে নেন। জমি দখলের পর এসব ভূমিহীন পরিবারের পক্ষ থেকে একাধিকবার উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।গৌরনদী উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার (জরিপকারক) মো. আবু আবদুল্লাহ জানান, মো. ইসাহাক বেপারী ও মো. মোশারফ বেপারী খুবই বুদ্ধিমান লোক। লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখলে নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা গৌরনদী সহকারী জজ আদালতে জমির মালিকানা দাবি করে একটি মামলা করেন। তাঁরা মাদারীপুরের জমির কাগজপত্রমূলে ওই জমির মালিকানা দাবি করেন। গৌরনদীর সহকারী সেটেলমেন্ট অফিসার অধীর কুমার কর্মকার জানান, মাঠ জরিপে ৩১ ধারায় ভূমিহীনদের নামে জমি রেকর্ড দেওয়া হয়েছে।মো. ইসাহাক বেপারী ও মো. মোশারফ বেপারী দাবি করেন, ওই সম্পত্তি মাদারীপুরের কালকিনি উপজেলার। তাঁরা ওই উপজেলার সংশ্লিষ্ট সরকারি কার্যালয় থেকে জমি বন্দোবস্ত নিয়েছেন।গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘খাসজমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিয়ে মেপে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রভাবশালী মহল ওই জমি জোরপূর্বক দখলে নিয়ে গেছে বলে শুনেছি। বর্তমানে বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। এ কারণে আমরা ব্যবস্থা নিতে পারছি না।’