জালিয়াতি করেছেন আছেন দীর্ঘ ছুটিতে তার পরও পদোন্নতি
‘যেহেতু মঈন উদ্দিন আহমেদ জালিয়াতি ও কারচুপির মাধ্যমে “সি-টাইম” (জাহাজে চাকরির অভিজ্ঞতা) অর্জন করে গুরুতর অপরাধ করেছেন, সেহেতু বাংলাদেশ শিপিং করপোরেশনের মতো একটি আধাসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে রাখা বিপজ্জনক।...কমিটি তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করিতেছে।’ প্রায় ১৪ বছর আগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তত্কালীন প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. বদিউজ্জামানের এক তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছিল। প্রতিবেদন জমা দেওয়া হয় নৌপরিবহন মন্ত্রণালয়ে। এই প্রতিবেদনের আড়াই বছর পর তত্কালীন শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক মঈন উদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, সেটা প্রায় ১৪ বছর আগের ঘটনা। এর বাইরে তিনি কোনো কথা বলেননি। নথিপত্রে দেখা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ২০০৮ সালের ৫ নভেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতির প্রস্তাব দেওয়া হয় সংস্থাপন মন্ত্রণালয়ে। সংস্থাপন মন্ত্রণালয় সাতটি ত্রুটি উল্লেখ করে প্রস্তাব ফেরত পাঠায় নৌপরিবহন মন্ত্রণালয়ে। ২০০৮ সালের ১৭ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, ‘তিনি এখন শিপিং করপোরেশনের চাকরিতে কর্মরত নেই। তিনি শিপিং করপোরেশনে যোগদানের পর প্রয়োজনীয় বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংগ্রহ সাপেক্ষে পদোন্নতির প্রস্তাব প্রদান করা যায়।’ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, মহাব্যবস্থাপক মঈন উদ্দিন আহমেদ বর্তমানে ছুটিতে (লিয়েন) লন্ডনে অবস্থান করছেন। ২০০২ সালের জুন মাস থেকে তিনি ছুটিতে লন্ডনে রয়েছেন। সময় বাড়ানোর পর তাঁর ছুটি শেষ হওয়ার কথা ২০০৯ সালের ১ জুন। অর্থাত্ তিনি এখনো ছুটি শেষে যোগদান করেননি। এর পরও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) গত বুধবারের আলোচ্যসূচিতে ছুটিতে থাকা এই মহাব্যবস্থাপকের পদোন্নতির বিষয়টিও রাখা হয়েছে।মঈন উদ্দিন আহমেদ বর্তমানে লন্ডনে অবস্থান করায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।