নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তিপ্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতি ধরা পড়ার পরও নতুন শিক্ষবর্ষে ভর্তির জন্য আগের ভর্তি কমিটিই বহাল রাখা হয়েছে।
শুধু তা-ই নয়, অপেক্ষাকৃত জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে উপাচার্যের আস্থাভাজনদের এবারও কমিটিতে রাখার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক পত্রে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ২৩ সদস্যের কমিটির নাম প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীকে আর পদাধিকার বলে রেজিস্ট্রার সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিতেও উপাচার্য ছিলেন কমিটির আহ্বায়ক। ওই শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি নিয়ে অনিয়মের বিষয়ে একটি উড়োচিঠির সূত্র ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির তদন্তে ভর্তিপ্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি ধরা পড়ে।
সূত্র জানায়, সর্বশেষ ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি অনিয়ম ও জালিয়াতি ধরা পড়েছে কোস্টাল এগ্রিকালচার বিভাগে। এই বিভাগের চেয়ারম্যান উপাচার্য নিজেই।
জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ীই উপাচার্যকে ভর্তি কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া দু-একজন সদস্যের বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, নিয়ম মানতে হলে তাঁদের রাখতে হয়।
একই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপাচার্য এ কে এম সাঈদুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকা আছি। বিশ্ববিদ্যালয় খোলার পর বিষয়টি নিয়ে বসে দেখব আহ্বায়ক থাকা না থাকার বিষয়ে কিছু করা যায় কি না।’
জ্যেষ্ঠ শিক্ষকদের কমিটি থেকে বাদ দেওয়া প্রসঙ্গে উপাচার্য বলেন, যাঁদের দিয়ে কাজ আদায় করা সম্ভব হবে, তাঁদেরই কমিটিভুক্ত করা হয়েছে।