শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে একটি কেন্দ্রের ভোট আবার নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. বিল্লাল হোসেন চৌধুরী। তিনি ওই কেন্দ্রে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাব খাঁটিয়ে এবং দায়িত্ব থাকা কর্মকর্তাদের যোগসাজশে ভোট জালিয়াতি করার অভিযোগ এনে ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট নেওয়ার জন্য গত বৃহস্পতিবার বিকেলে ইউএনও ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
২২ মার্চ ইউপি নির্বাচনে নন্নী ইউনিয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমানের ছোট ভাই বিএনপির সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম মাহবুবুর রহমান ওরফে রিটন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নন্নী ইউনিয়নে নয়টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ভোটে নৌকা প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। কিন্তু বিএনপির নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান তাঁর বাড়িসংলগ্ন ছাইচাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজে উপস্থিত থেকে প্রভাব খাঁটিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের যোগসাজশে তাঁর ছোট ভাই এ কে এম মাহবুবুর রহমানের জন্য ভোট জালিয়াতি করেন। ওই কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া ভোটের দিন বেলা তিনটার দিকে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ভোটকেন্দ্রে ত্রাস সৃষ্টি করে।
বিল্লাল হোসেন চৌধুরী বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সার্বক্ষণিক ওই কেন্দ্রে অবস্থান করে তাঁর ছোট ভাইয়ের পক্ষে ভোটারদের প্রভাবিত করা ছাড়াও ভোট জালিয়াতি করেছেন। তিনি সন্ত্রাসী বাহিনী দিয়ে কেন্দ্রে ত্রাস সৃষ্টি করেন। এ জন্য ভোটাররা ভোট না দিয়ে কেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য হন। আমি ওই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’ প্রিসাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সঠিকভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে ফলাফল কেন্দ্রে টানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে কোনো এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘ছাইচাকুড়া কেন্দ্রসহ নন্নী ইউনিয়নে সব কেন্দ্রে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া ভোটের হিসাব অনুযায়ী ফল ঘোষণা করা হয়েছে।’