জালিয়াতির অভিযোগ পুনর্নির্বাচন দাবি
নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টা আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত করে আবার ভোট নেওয়ার দাবি জানান বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ।
এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল ৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। কোথাও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
বেলা দুইটায় রূপগঞ্জের বরপা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন নাসির উদ্দিন বলেন, ‘কারচুপি, জাল ভোট ও আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কারচুপির বিষয়ে আমি অন্তত ৩০ বার প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা আমার ডাকে সাড়া দেননি। নয়াপাড়া ভোটকেন্দ্রে গিয়ে হাতেনাতে নৌকায় সিল মারার সময় প্রিসাইডিং অফিসারকে ধরেছি। কান্দাপাড়া ভোটকেন্দ্রে এক প্রার্থীর পোলিং এজেন্ট ভোটারদের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নিজেই নৌকা প্রতীকে সিল মারার সময় হাতেনাতে ধরেছি। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।’
এর আগে সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার রূপসী নিউ মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, পুরুষদের ভোট কক্ষে (নম্বর-৩) সালাউদ্দিন বাবু নামের এক ব্যক্তি ভোটারদের হাত থেকে মেয়রের ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মারছেন। এই কক্ষে ৭৮ বছর বয়সী ভোটার তরণী চন্দ্র দাসের হাত থেকেও মেয়রের ব্যালট ছিনিয়ে নিয়ে তাতে নৌকা প্রতীকে সিল মেরে দেন সালাউদ্দিন। কয়েকটি গণমাধ্যমের কর্মীদের সামনেই এ ঘটনা ঘটে। জানতে চাইলে সালাউদ্দিন বলেন, তিনি এলাকার বাসিন্দা হিসেবে কয়েকজন ভোটারকে ভোট দিতে সহায়তা করেছেন। একই কেন্দ্রের ভোটার কাউছার হোসেন ভোট দিতে এসে শুধু কাউন্সিলর প্রার্থীর ব্যালট পান। মেয়র প্রার্থীর কোনো ব্যালট তাঁকে দেওয়া হয়নি বলে তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোলায়মান হোসেনের কাছে বিষয়টি জানালে তিনি বলেন, ‘এমন ঘটনা হওয়ার কথা নয়। যেহেতু অভিযোগ উঠেছে আমি নিজে গিয়ে তাঁকে সাবধান করছি।’
এই কেন্দ্রটি আওয়ামী লীগের সাংসদ গাজী গোলাম দস্তগীরের (বীর প্রতীক) বাড়ির কাছে। সাংসদ ও তাঁর স্ত্রী আ.লীগের মেয়র প্রার্থী হাসিনা গাজী এই কেন্দ্রেই তাঁদের ভোট দেন।
সকাল সোয়া নয়টায় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট মুক্তা আক্তার ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ বিষয়টি দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় মুক্তা আক্তার গণমাধ্যমকর্মীদের বলেন, প্রথমে তিনি নিজের ভোট দিয়েছেন।