জালিয়াতির অভিযোগ লিখিত পরীক্ষায়, স্থগিত মৌখিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠার পর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাণিজ্য অনুষদের ডিন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের মৌখিক নির্দেশে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামের ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আগের ঘোষিত ৭ নভেম্বরের সাক্ষাৎকার স্থগিত করা হলো। এ-সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তাঁরা জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখছেন।
গত সোমবার বাণিজ্য অনুষদের ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর অভিযোগ, সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়েছে। এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ১০০টি প্রশ্নেরই সঠিক উত্তরটি ঝাপসা করে রাখা হয়, যাতে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের পছন্দের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সঠিক উত্তরটি দিতে পারেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার ১ নম্বরে থাকা শিক্ষার্থী ছাড়াও অন্তত ১৫ জন ‘অস্বাভাবিক’ নম্বর পেয়েছেন।
এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে পত্রিকায় যা এসেছে, সে বিষয়ে বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ‘সি-৩’ ইউনিটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরীক্ষা বাতিলের দাবি: ‘সি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়।