জালিয়াতির অভিযোগে অধ্যক্ষ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারী সহকর্মীর সই ও যোগদানের তারিখ জালিয়াতির অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে৷ গত সোমবার দুপুরে কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতের বিচারক নাসরিন জাহান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
জানা যায়, ১৯৯৯ সালের ১ জুন কলেজের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক পদে আশরাফুন্নিছা বিলকিছ যোগ দেন৷ ২০০৪ সালের ১ এপ্রিল কলেজটি এমপিওভুক্ত হয়। ২০০৪ সালের ১২ জুলাই কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন আবুল কাশেম৷
২০১২ সালের ২২ মে চাকরির আট বছর পূর্ণ হওয়ায় (এমপিওভুক্তির সময় থেকে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য কলেজের দুজন শিক্ষকের নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠান অধ্যক্ষ৷ আশরাফুন্নিছার সঙ্গে একই দিনে যোগদান করা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক নূরুল ইসলামের নাম ওই তালিকায় রয়েছে। কিন্তু বয়সে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও ওই অধ্যক্ষ আশরাফুন্নিছা বিলকিছের নাম অন্তর্ভুক্ত করেননি।
২০১২ সালের ২৪ জুলাই অধ্যক্ষ মাউশিতে কলেজের শিক্ষক ও কর্মচারীদের একটি তালিকা পাঠান। এতে তিনি আশরাফুন্নিছার ওই কলেজে যোগদানের তারিখ এক দিন পিছিয়ে ২ জুন ১৯৯৯ লেখেন এবং তাঁর (আশরাফুন্নিছা) ও ব্যবস্থাপনা কমিটির তৎকালীন সভাপতির সই জাল করে মাউশিতে পাঠান। ওই খবর পেয়ে আশরাফুন্নিছা মাউশির মহাপরিচালকের কাছে একটি চিঠি দেন। পরে মাউশি বিষয়টি তদন্ত করার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে চিঠি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেন৷ ২০১৩ সালের জুনে আশরাফুন্নিছা আদালতে একটি মামলা করেন। ওই বছরের ১১ জুন আদালতের নির্দেশে চান্দিনা থানার পুলিশ মামলা গ্রহণ করে। গত ৯ মে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ ও সিআইডি কুমিল্লার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন মামলার অভিযোগপত্র (চার্জিশট) দেন৷
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আশরাফুন্নিছার সই, সভাপতির বিতর্কিত সই, নমুনা সই ও প্রামাণ্য সইসমূহ সিআইডি ফরেনসিক বিভাগের চট্টগ্রাম কার্যালয় থেকে হস্তলিপি বিশারদ দিয়ে পরীক্ষা করে তার প্রতিবেদন সংগ্রহ করা হয়৷ এতে পুরো বিষয়টি জাল বলে প্রমাণিত হয়।
মামলার ধার্য দিন গত সোমবার দুপুরে অধ্যক্ষ আদালতে হাজির হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাউশির ২০১০ সালের ২৮ নভেম্বরের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে একাধিক প্রভাষক যদি একই দিনে যোগদান করেন, তবে জন্ম তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে। আশরাফুন্নিছা মামলায় অভিযোগ করেন, তাঁকে ঠেকানো এবং নূরুল ইসলামের নাম পাঠানোর জন্য অধ্যক্ষ এ ক্ষেত্রে ওই বিধান মানেননি৷