জালিয়াতির অভিযোগে বন্ধ চার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া
অসত্য তথ্য ও জাল কাগজপত্র দিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগে চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। তেলভিত্তিক এই কেন্দ্রগুলোর প্রতিটি ১০০ মেগাওয়াট ক্ষমতার। এগুলো নারায়ণগঞ্জের মেঘনাঘাট, জামালপুর, ফেনী ও বগুড়ার সান্তাহারে স্থাপিত হওয়ার কথা।
এর মধ্যে নারায়ণগঞ্জের সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেঘনাঘাটের কেন্দ্রটি স্থাপনের প্রক্রিয়া আটকে গেছে। তিনি ‘পাওয়ার সোর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ নামের একটি কোম্পানির পক্ষে অন্য তিনটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য তাঁদের দাখিল করা জমির মালিকানা সঠিক নয়।
জামালপুরের কেন্দ্রটি স্থাপনের জন্য দুটি কোম্পানি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে একটি কোম্পানি মূল্যায়নে অযোগ্য বিবেচিত হওয়ার পর অন্য কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাঁদের দরপত্রে উল্লিখিত কিছু তথ্য অসত্য। এ কারণে ওই কেন্দ্রটি স্থাপনের প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে।
প্রায় একই অভিযোগে ফেনী ও সান্তাহার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়।
জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিটি ১০০ মেগাওয়াট ক্ষমতার ১০টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছিল। এর মধ্যে চারটি সম্পর্কে কোনো কোনো উদ্যোক্তা অভিযোগ তুলেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান। তিনি বলেছেন, মেঘনাঘাটে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য তিনিসহ চারটি কোম্পানির দেওয়া প্রস্তাবের মধ্যে শুধু তাঁর জমির মালিকানাই ঠিক। অন্য তিনটির প্রস্তাবে উল্লিখিত জমির মালিকানা সঠিক নয়।
প্রতিমন্ত্রী বলেন, জামালপুর, ফেনী ও সান্তাহারের কেন্দ্র তিনটি সম্পর্কেও অভিযোগ এসেছে প্রস্তাবকারী কোম্পানিগুলোর মধ্য থেকেই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মাধ্যমে সেসব অভিযোগ মন্ত্রণালয়ে এসেছে। এসব অভিযোগের সত্যাসত্য তদন্ত করে দেখার জন্য এই চারটি কেন্দ্রের বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। পিডিবিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্য কেন্দ্রগুলো স্থাপনের প্রক্রিয়া চালু আছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানায়, যে ১০টি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছিল, তার মধ্যে একটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে স্থাপনের স্থান নির্ধারিত আছে। সেখানে একটি কেন্দ্র স্থাপনের জন্য মোট পাঁচটি কোম্পানি প্রস্তাব দাখিল করে। এর মধ্যে মূল্যায়ন পর্যায়ে একটি প্রস্তাব অযোগ্য বিবেচিত হয়। অন্য চারটি প্রস্তাবের মধ্যে তিনটি কোম্পানির জমির মালিকানা ঠিক নয় বলে অভিযোগ করেছেন শামীম ওসমান। অন্য তিনটি কেন্দ্রের ক্ষেত্রেও উদ্যোক্তাদের মধ্য থেকেই অভিযোগ এসেছে। এসব অভিযোগের তদন্ত হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, অতীতেও বিভিন্ন সময় নানা প্রকল্প প্রস্তাব, দরপত্র প্রভৃতিতে মিথ্যা কিংবা ভুল তথ্য দিয়ে কাজ বাগানোর চেষ্টা হয়েছে। কখনো কখনো তা সময়মতো ধরা না পড়ায় মিথ্যা কিংবা ভুল তথ্যের ভিত্তিতেই কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজও পেয়েছে। পরে তা ধরা পড়লেও কিছু করার থাকেনি। এখন বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে জমির সঠিক মালিকানা বুঝতে হলে সরেজমিন এবং ভূমি কার্যালয়ে তদন্তের বিকল্প থাকে না। সেটা সব ক্ষেত্রে সম্ভব হয় না।
যে কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্তাধীন বলে তাঁরা কিছু বলতে রাজি হননি।
পিডিবি গত মে মাসে তেলভিত্তিক এই ১০টি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করে। গত ৭ আগস্ট ছিল এগুলো সম্পর্কে প্রস্তাব গ্রহণের শেষ দিন। ওই দিনের মধ্যে ১০টি কেন্দ্র স্থাপনের জন্য মোট ৪৪টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ১২টি প্রস্তাব মূল্যায়নে অযোগ্য বিবেচিত হয়। অবশিষ্ট ৩২টির দর প্রস্তাব খোলার পর্যায়ে অভিযোগগুলো আসে।
এই ১০টি কেন্দ্র স্থাপনের জন্য সরকারের নির্ধারিত এলাকাগুলো হচ্ছে চাঁদপুর, চৌমুহনী (নোয়াখালী), বাগেরহাট, বগুড়া, ফেনী, জামালপুর, মেঘনাঘাট (নারায়ণগঞ্জ), ঠাকুরগাঁও, রংপুর ও সান্তাহার (বগুড়া)। এই কেন্দ্রগুলো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের (আইপিপি) নীতিমালার অধীনে স্থাপন করা হচ্ছে। সরকারের পক্ষে পিডিবি এই কেন্দ্রগুলো থেকে ১৫ বছর বিদ্যুৎ কিনবে।