জালিয়াতির অভিযোগ নিয়েই আদালতে কাজ করছেন তিন কর্মচারী
মামলার কাগজ জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে ঢাকার একটি আদালতে কাজ চালিয়ে যাচ্ছেন পেশকার, স্টেনোগ্রাফার ও পিয়ন। তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতপাড়ায় আইনজীবীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতের পেশকার ফজলুল হক, স্টেনোগ্রাফার মুসফিকুল আলম ও পিয়ন আবুল কালামকে ওই মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া আ. বারি নামের এক আইনজীবীও ওই মামলার আসামি।আইনজীবীরা জানান, জালিয়াতির মামলা সত্ত্বেও পেশকার ফজলুল হক কীভাবে কাজ করছেন, তা তাঁদের বোধগম্য নয়। পেশকার, স্টেনোগ্রাফার ও পিয়নের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা দরকার। তা না হলে অন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটার তদন্ত হওয়া উচিত। পাশাপাশি তাঁদের কাজ থেকে বিরত রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।স্টেনোগ্রাফার মুসফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বিচারাধীন মামলা বিষয়ে তাঁরা কোনো কথা বলবেন না। মামলার নথি দেখতে চাইলে তিনি বলেন, ওকালতনামা ছাড়া নথি দেখানো যাবে না। অর্থের বিনিময়ে রায় করিয়ে দেওয়ার অভিযোগ ও মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, ওই মামলায় তাঁরা সবাই জামিনে।ঢাকার সাভার থানার দক্ষিণপাড়ার বাসিন্দা এ কে এম আজাদ রশিদ ১৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।ওই দিন মামলার আরেক আসামি মোতালেবকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে মোতালেবসহ সবাই জামিনে।মামলার বাদী এ কে এম আজাদ প্রথম আলোকে জানান, ষষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে তাঁর স্বত্ব ঘোষণার মামলা রয়েছে। ওই মামলায় তিনি গত ১১ মে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে দেন।মামলার এজাহারে বলা হয়, গত ১৬ মে আইনজীবী আ. বারি বাদীকে আদালতের স্টেনোগ্রাফারের কাছে নিয়ে যান। আদালতের পেশকার পিয়ন ও ওমেদার মামলার রায় পক্ষে করিয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, ওই সময় স্টেনোগ্রাফারকে এক হাজার টাকাও দেওয়া হয়। এ কে এম আজাদ বলেন, ১৯ মে আইনজীবী আ. বারিকে মদিনা হোটেলের চেম্বারে গিয়ে ৬০ হাজার দেন তিনি। ২৩ জুন বাদী টাকা ফেরত চাইলে আইনজীবী তাঁকে মোতালেবের কাছে নিয়ে যান। মোতালেব তখন বাদীকে বলেন, ‘আমি নিজের চোখে দেখেছি স্যার রায় লিখেছেন।’ তাঁর এই কথার পরিপ্রেক্ষিতে আরও ১০ হাজার টাকা দেন আজাদ। মোতালেব ওই টাকা পিয়ন কালামকে দেন। মোতালেব বকশিস বাবদ আরও এক হাজার টাকা নেন। কিন্তু ১৪ সেপ্টেম্বর আদালত কোনো রায় না হওয়ায় বাদী নতুন আইনজীবী নিয়োগ দেন।আইনজীবী মামলার নথি পর্যালোচনা করে দেখতে পান, পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত ও ওকালতনামা নেই। গত ১৬ মে করা পক্ষভুক্তি দরখাস্তের ওপরের পাতা সঠিক থাকলেও ২-১২ নম্বর পাতা পরিবর্তন করা হয়েছে। বিষয়টি জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলামকে অবহিত করা হয়। জেলা জজ ওই মামলার নথি তলব করেন এবং বর্তমানে আদালতের নথি যে অবস্থায় আছে, সে অবস্থায় রাখার নির্দেশ দেন।