জালিয়াতির অভিযোগে চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
জালিয়াতির মাধ্যমে সাড়ে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত রোববার রাতে চট্টগ্রাম থেকে বেসরকারি ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ শাখা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) গ্রাহক সম্পর্ক বিভাগের কর্মকর্তা মইনুল হাসান ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল হাসনাত মাহমুদ। এদিকে আবুল হাসনাত মাহমুদকে অপহরণ করা হয়েছে অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেছেন তাঁর ভাই আবুল হাসান মাহমুদ। ঢাকায় র্যাব সদর দপ্তরে গতকাল দুপুরে মইনুল হাসান ও আবুল হাসনাতকে সাংবাদিকদের সামনে হাজির করে র্যাব।র্যাবের কর্মকর্তারা জানান, গত ৬ এপ্রিল ইবিএলের গ্রাহক ফরিদা পারভীনের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের খবর আসে র্যাবের গোয়েন্দাদের কাছে। ওই হিসাবে অন্য পাঁচটি হিসাব নম্বর থেকে ২৭টি পে-অর্ডারের মাধ্যমে সাড়ে ৬৫ লাখেরও বেশি টাকা স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে তদন্তে নেমে ইবিএলের আগ্রাবাদ শাখার কয়েকজন কর্মকর্তাকে সন্দেহ করেন র্যাবের গোয়েন্দারা। পরে মইনুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে চেক জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় র্যাব।জিজ্ঞাসাবাদে মইনুল হাসান জানান, এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা আবুল হাসনাত মাহমুদও এর সঙ্গে জড়িত। পরে হাসনাতকেও গ্রেপ্তার করা হয়।