জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে পুলিশে সোপর্দ
প্রথম বর্ষের ভর্তিতে জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জালিয়াতির অভিযোগে ধরা পড়েছেন। এ ছাড়া জালিয়াতির অভিযোগে আটকের সংখ্যা অন্যবারে তুলনায় অনেক বেশি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনসূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ ভর্তি-প্রক্রিয়া চলাকালে জালিয়াতির অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে কৌশলে পালিয়ে যান এক রাজনৈতিক নেতার ছেলে।
প্রক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ওই দিনই আটক হয় মো. আল আমিন, মো. শাহরিয়ার কবির ও হাসিন ওয়াহিদুল। তাঁরা প্রত্যেকেই কলা ও মানবিক অনুষদে মেধাতালিকায় স্থান পেয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই স্বীকার করেন যে তাঁদের হয়ে অন্যরা ভর্তি পরীক্ষা দিয়েছেন।
ওই দিন রাতে প্রক্টরের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাসিন ওয়াহিদুল জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হুদাকে সাড়ে চার লাখ টাকা দিয়েছেন। ১ ডিসেম্বর অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় তিনি এ টাকা জমা দিয়েছেন। আর এ ক্ষেত্রে সহযোগিতা করেছেন আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদ। তবে ওয়াহিদুলের হয়ে কে ভর্তি পরীক্ষা দিয়েছেন, এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
ভর্তি পরীক্ষার উত্তরপত্রে বাংলা ও ইংরেজিতে দুটি বাক্য লিখতে হয়। মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় একই বাক্য আবার লিখতে হয়। সেখান থেকে তাঁদের হাতের লেখা মিলিয়ে দেখা হয়। সে জন্য ভর্তি পরীক্ষার পর হাতের লেখা মেলানোর জন্য ঢাকার একটি কলেজের সামনে ওয়াহিদুলকে এ বিষয়ে চর্চা করান শরীফ। ফলে মৌখিক পরীক্ষায় সে ধরা পড়েনি। কিন্তু ভর্তি হতে এসে ধরা পড়েন।
এসব তথ্যের ভিত্তিতে প্রক্টর কার্যালয় থেকে নাজমুল ও ওয়াহিদুলকে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে তাঁদের পাঁচজনকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে তাঁদের পরীক্ষা অন্যরা দিয়েছেন। এতে জড়িত থাকার অভিযোগে ওই দুজনসহ (ছাত্রলীগ নেতা-কর্মী) পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শরীফ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও নাজমুল সাধারণ সম্পাদক রাজীব আহমেদের অনুসারী।
রাজীব আহমেদ বলেন, ‘সে ভর্তি (নাজমুল) জালিয়াতিতে জড়িত থাকলে তাঁর বিচার দাবি করছি। এ ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।’
মাহমুদুর রহমান ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সন্ধ্যায় কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভূইয়া মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় শরীফকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে যে মামলা করেছে, তাঁদের একই মামলার আসামি করে আদালতে পাঠানো হয়েছে।
আরও গ্রেপ্তার: গত ১৯ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ২০ ও ২১ নভেম্বর জালিয়াতির অভিযোগে ১১ জনকে আটক করা হয়। তাঁদের আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর মৌখিক পরীক্ষা চালাকালে আটক হয় পাঁচজন। যাঁদের মধ্য এক রাজনৈতিক নেতার ছেলে মো. হাসনাত হাসান শরিয়া ওরফে প্রাচুর্য পালিয়ে যেতে সক্ষম হন। সে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে পঞ্চম হয়েছিলেন। তাঁর পরীক্ষাও অন্য কেউ দিয়েছেন, এমন অভিযোগে প্রশাসন তাঁকে ভর্তির অযোগ্য ঘোষণা করে। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
এসব বিষয়ে সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, এবারে ভর্তি-প্রক্রিয়া বেশ ভালো চলছে; যে কারণে এতজন আটক হয়েছে। ভর্তি হওয়ার পরও যদি কেউ ধরা পড়ে, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।