রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির সাক্ষাত্কার গ্রহণকালে তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আইন অনুষদের ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণকালে তাঁদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন কক্সবাজারের ফরহাদ হোসেন, পটুয়াখালীর সজীব হোসেন এবং রাজশাহীর নোমানুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন বিশ্বজিত্ চন্দ বলেন, ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) সাক্ষাত্কার গ্রহণের সময় এই তিন পরীক্ষার্থীর হাতের লেখা ও ছবির সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। এ সময় সাক্ষাত্কার গ্রহণকারী শিক্ষকেরা তাঁদের ভুয়া পরীক্ষার্থী হিসেবে গণ্য করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘জালিয়াতির মাধ্যমে সাক্ষাত্কার দিতে আসা ওই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নগরের মতিহার থানায় সোপর্দ করা হয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক সোহেল রানা বলেন, ‘আটক তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’